ঢাকা, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আধুনিক স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বৃহস্পতিবারই প্রথম বিদেশের বাজারে জাহাজ বিক্রি করলেও ইতিহাসে তা প্রথম নয়। সমুদ্রগামী জাহাজ ও বিশাল নৌকা নির্মাণে প্রাচীন বাংলার বন্দরগুলোর সুখ্যাতি ছিল।
চর্যাপদ ও মনসামঙ্গলের মতো প্রাচীন কাব্য ও উপাখ্যানে বাংলায় সমুদ্রগামী জাহাজ নির্মাণের কথা রয়েছে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ চট্টগ্রামে নির্মিত জাহাজ কিনত।
ভেনিসের ব্যবসায়ী সিজার ফ্রেডরিকের বর্ণনা থেকে জানা যায়, মিশরসহ অন্যান্য দেশে বছরে চট্টগ্রামে তৈরি ২৫/৩০ টি জাহাজ রপ্তানি হতো।
ফরাসী পর্যটক টাভের্নিয়ার ঢাকায় রণতরী নির্মিত হতে দেখেছেন। ওলন্দাজ অর্থাৎ ডাচরা এ জাহাজ কিনতো বলে জানিয়েছেন তিনি।
আরবীয়রা অষ্টম-নবম শতক থেকে এ অঞ্চলে ব্যবসা করতে আসতো। কয়েক শতাব্দী পর পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে আসার জলপথ আবিস্কারের পর ইউরোপীয়রা এদিকে আসতে থাকে।
পর্যটক দুয়ার্তে বারবোসা 'বেঙ্গল শহরে' মুসলমান ব্যবসায়ীদের সমুদ্রগামী জাহাজ দেখার কথা বলেছেন। ১৪০৫ সালে চট্টগ্রামে আসা চীনা পর্যটক মা হুয়ানও সমুদ্রগামী জাহাজ নির্মাণ হতে দেখেছেন।
বাংলায় একটি নৌঘাঁটির পত্তন করেছিলেন মুঘল সম্রাট আকবর । রাজপ্রতিনিধি হিসেবে শায়েস্তা খান ঢাকায় জাহাজ নির্মাণ ও মেরামতের জন্য বিরাট শিপইয়ার্ড প্রতিষ্ঠা করেন।
সিজার ফ্রেডরিক ১৫৬৭ সালে এসে চট্টগ্রামকে অর্ণবপোত নির্মাণের শ্রেষ্ঠ কেন্দ্র বলে উল্লেখ করেন। তার মতে, আলেকজান্দ্র্রিয়ায় নির্মিত জাহাজের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল এখানে তৈরি জাহাজ। সন্দ্বীপ ও চট্টগ্রাম এবং বার্মা ও ভারতের নিকটবর্তী প্রদেশগুলো থেকে উন্নতমানের কাঠের সরবরাহ ছিল এ শিল্পের জন্য বিশেষভাবে সহায়ক। তুরস্কের এক সুলতান একসঙ্গে ১৩টি পালের জাহাজ বানিয়ে নিয়েছিলেন বলে উল্লেখ আছে। চট্টগ্রামে নির্মিত জাহাজ যুদ্ধেও ব্যবহৃত হতো।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির আমলে কলকাতাসহ বাংলায় নির্মিত বড় জাহাজগুলির একটির নাম ছিল 'হেস্টিংস'। এর ধারণক্ষমতা ছিল ১৭০৫ টন। ব্রিটিশ নৌবাহিনীর জন্য নির্মিত এ জাহাজে ৭৪টি কামান সজ্জিত করা হয়েছিল। উনবিংশ শতকের প্রথমার্ধে ১০০০ টনের জাহাজ নির্মিত হয়েছে চট্টগ্রামে। কলকাতা ছিল বাংলার আরেক বড় জাহাজ তৈরির জায়গা।
১৮১৮ সালে জার্মানরা 'ডয়েশল্যান্ড ফ্রিগেট' নামে একটি জাহাজ চট্টগ্রাম থেকে তৈরি করিয়ে নেয়।
উপনিবেশিক আমলে শুরুতে ব্রিটিশরাজ বাংলায় জাহাজ নির্মাণ শিল্পে ব্যাপক সহযোগিতা দেয়। কিন্তু ক্রমে ব্যবসা হারানোর ভয়ে উদ্বিগ্ন লন্ডনকেন্দ্রিক ব্রিটিশ জাহাজ ব্যবসায়ীরা ঘোর বিরোধিতা করতে থাকে। এর ধারাবাহিকতায় বৈষম্যমূলক সরকারি নীতি প্রণীত হতে থাকে এবং শেষ পর্যন্ত প্রযুক্তির প্রতিযোগিতাসহ আরো কয়েকটি কারণে ধীরে ধীরে বাংলার জাহাজ নির্মাণ শিল্প উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মুখ থুবড়ে পড়ে।
চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি হয়তো হবে ১৮০৫ সালের বিখ্যাত ট্রাফালগার যুদ্ধে এখানে তৈরি রণতরী ব্যবহার। কাদিজের অদূরে ট্রাফালগার অন্তরীপের ওই যুদ্ধে ফ্রান্স ও স্পেনের যৌথ নৌবাহিনী ব্রিটিশদের কাছে নাস্তানাবুদ হলে উনবিংশ শতকে নৌশক্তি হিসেব ব্রিটিশ প্রাধান্য সুনিশ্চিত হয়।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস- এশিয়াটিক সোসাইটি, বাংলাপিডিয়া, বাংলার আর্থিক ইতিহাস-কেপি বাগচী অ্যান্ড কোং কলকাতা, বঙ্গোপসাগর : মানুষ ও সমুদ্র-বাংলা একাডেমি, ট্রাফালগার: দ্য নেলসন টাচ -ফন্টানা বুকস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০৯১০ঘ.
bdnews24