মানিকগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রফিক নগর (পারিল) গ্রামে বৃহস্পতিবার ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদের নামে একটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিকেলে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চত্ত্বরে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল। এরপর ছিল আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, "ভাষা আন্দোলন জাতীয়তাবাদী ভাবধারার সুচনা করেছিল যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করি। শহীদদের স্মৃতি রক্ষার্থে জাদুঘর নির্মাণ করায় আমরা কৃতজ্ঞ। এই জাদুঘর ভাষা শহীদ রফিক উদ্দিনের আত্মত্যাগের কথা মনে করিয়ে দিবে। এই গ্রন্থাগারকে কেন্দ্র করে এখানকার মানুষেরা বাংলা ভাষার প্রতি ভালবাসার প্রেরণা পাবে। সেই ভালবাসাই দেশকে ভালবাসার প্রেরণা যোগাবে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বলেন, "ভাষা শহীদ এবং বীর শ্রেষ্ঠদের মধ্যে যাদের জন্মস্থান বাংলাদেশে তাদের নিজ গ্রামের নাম তাদের নামে নামকরণ এবং তাদের গ্রামে বা নিকটবর্তী সুবিধা জনক স্থানে তাদের নামে গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার সে প্রচেষ্টার সফল পরিণতি।"
তিনি বলেন, "যে জাতি বীরদের সম্মান দিতে জানেনা সে জাতি বীরদের উত্তারাধিকার দাবি করতে পারে না।"
মানিকগঞ্জের জেলা প্রশাসক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন।
ভাষা সৈনিক ড. ডালিয়া খাতুন, বেগম রোশনারা বাচ্চু, পুলিশ সুপার শেখ মো. মারুফ হাসান, শহীদ রফিকের বাল্য বন্ধু নাইব উদ্দিন আহমেদ, ছোট ভাই খোরশেদ আলম ও মুক্তিযোদ্ধা প্রকৌশলী তোবারক হোসেন লুডু।
শহীদ রফিক ১৯২৬ সালের ৩০ অক্টোবর সিংগাইরের বলধারা ইউনিয়নের পারিল গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মো. আব্দুল লতিফ। ১৯৫২ সালের একুশে ফেব্র"য়ারি ভাষা আন্দোলনের মিছিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। গত বছর তার জন্মস্থান পারিল গ্রামটিকে তার নামে নামকরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24