ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলীতে রিয়াজ আহম্মেদ চৌধুরী সুমন (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা।
সুমনকে বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় হত্যা করা হয়। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে সুমনের পরিবার বা পুলিশ কোনো তথ্য দিতে পারেনি। তবে পুলিশের ধারণা, সে মাদক ব্যাবসায় জড়িত ছিল।
সুমনের মা মমতাজ বেগম এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রবীন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে মমতাজ বেগম সুমনের ঘরে ঢুকে ছেলেকে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমনকে জবাই করে হত্যা করা হয়েছে।"
তিনি বলেন, "সুমন এক সময় প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়তো। কিন্তু মাঝপথেই সে লেখাপড়া ছেড়ে দেয়। সে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/১৮৫০ ঘ.
bdnews24