যশোর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তরিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
বুধবার যশোরের বিশেষ জজ আদালতে তরিকুল ইসলামের উপস্থিতিতে মামলার শুনানি হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় আদালতে হাজির করতে তাকে মঙ্গলবার সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
এ মামলায় সাবেক মন্ত্রীর স্ত্রী নার্গিস বেগম, ছেলে শান্তনু ইসলাম সুমিত, অনিন্দ্য ইসলাম অমিত এবং সুমিতের স্ত্রী লামিয়া শারমিনও আসামি। তবে এরা সবাই পলাতক রয়েছেন বলে সরকার পক্ষের আইনজীবী ছমিরউদ্দিন দুলাল জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, আদালত আগামী ১৮ মে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি দিন ধার্য করেছে।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কমিশনের যশোর অঞ্চলের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদি হয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর যশোরের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় কমিশনের সহকারী পরিচালক আমিনুর রহমানকে।
তদন্ত শেষে তরিকুল পরিবারের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ৬২১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গত ২৮ ফেব্র"য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান।
দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৩ ফেব্র"য়ারি তরিকুল ইসলামকে তার যশোরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ত্রাণের টিন আত্মসাত ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতি দমন কমিশন সন্দেহভাজন 'দুর্নীতিবাজদের' যে তালিকা প্রকাশ করে, তার মধ্যে প্রথম তালিকায় তরিকুল ইসলামের নাম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৯ ঘ.
bdnews24