চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ বলেন, "বিভিন্ন মৌলিক বিষয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহবান জানিয়েছেন তা প্রশংসনীয়।"
বার্তায় তিনি বলেন, "স্বাধীনতার পর বিভিন্ন সময় কতিপয় রাজনীতিকের অদূরদর্শী কার্যকলাপের কারণে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতির ব্যাপক বিস্তার আমাদের মহান স্বাধীনতার লালিত স্বপ্নগুলো বাস্তবায়িত হতে দেয়নি।"
এম এ লতিফ বলেন, "ভবিষ্যতে যাতে রাজনৈতিক নৈরাজ্য, সন্ত্রাস এবং দুর্নীতির রাহু গ্রাস থেকে জাতি মুক্তি পায় সে জন্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি সুপরিকল্পিত সরকার কাঠামো জাতি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে প্রত্যাশা করছে।"
সোমবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণে তিনি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচন, মঙ্গলবার থেকে সারা দেশে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত, ২২ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক সংলাপ, জরুরি আইন যথাসময়ে স্থগিত বা শিথিল করা হবে বলে ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএসবি/২০১২ ঘ.
bdnews24