ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ব্যবস্থাপনায় এ বছরের হজ পালন করতে যাত্রী প্রতি খরচ হবে দুই লাখ বিশ হাজার টাকা ।
মঙ্গলবার হজযাত্রীদের জন্য সরকার এ প্যাকেজ ঘোষণা করে। এতে দু'টি ক্যাটাগরিতে অর্থ জমা দেওয়ার শেষ সময় ৬ জুলাই।
প্যাকেজের আওতায় 'এ' ক্যাটাগরির হজযাত্রীর জন্য দুই লাখ বিশ হাজার ও 'বি' ক্যাটাগরির জন্য এক লাখ নিরানব্বই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি এক তথ্য বিবরণীতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।
হজের আবেদন ফরম পাওয়া যাবে সকল জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ ও উত্তরায় আশকোনার হজ ক্যাম্পে।
প্যাকেজে মক্কায় প্রত্যেক হজযাত্রীর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে ৪ বর্গমিটার ও সাড়ে তিন বর্গমিটারের কক্ষের বরাদ্দ রাখা হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
এছাড়াও ৫০ জন হজযাত্রীর জন্য অভিজ্ঞ গাইড থাকবে বলেও জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/পিসি/এমএ/১৯০১ঘ.
bdnews24