২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ইকবালের ১০ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালকে ১০ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালকে ১০ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন। (বিস্তারিত ) এছাড়া স্বামীর দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে ইকবালের স্ত্রী ইমতিয়াজ বেগমকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীরা পলাতক থাকায় তাদের আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এছাড়াও তাদের অবৈধভাবে অর্জিত এক কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৫৬৭ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। গত বছরের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি ডা. ফিরোজ মাহমুদ অবৈধভাবে এক কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৫৬৭ টাকার সম্পত্তি অর্জন করেছেন। আর এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী ইমতিয়াজ বেগম। গত বছরের ২৬ নভেম্বর নির্দিষ্ট করে দেয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেয়ায় ডা. ফিরোজ মাহমুদকে তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এসকে/এমএ/১৯০৫ ঘ.