২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো শুরু হচ্ছে

প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ২২ মে-র জাতীয় সংলাপ অনুষ্ঠানের জন্য মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো শুরু হচ্ছে। জাতীয় সংলাপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ২২ মে-র জাতীয় সংলাপ অনুষ্ঠানের জন্য মঙ্গলবার থেকে রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো শুরু হচ্ছে। জাতীয় সংলাপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান। হোসেন জিল্লুর বলেন, "আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। সংলাপ সফল করার জন্য প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। আজ আমরা আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো শুরু করবো এবং নির্ধারিত সময়ের মধ্যেই সফল সংলাপ অনুষ্ঠানে সক্ষম হবো।" প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক দলগুলো যে হতাশার মনোভাব দেখিয়েছে তাতে সংলাপ কীভাবে হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় নানা জন নানা কথা বলবে। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।" সরকারের শুরু করা প্রক্রিয়ার প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের আগ্রহ রয়েছে- মন্তব্য করে উপদেষ্টা বলেন, "আশার কথা হচ্ছে, সরকার জনগণের আকাঙ্খা পূরণে এগিয়ে চলছে। আশা করছি আমরা সফল হবো।" সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরুর তারিখ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সংলাপে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে তার দপ্তর থেকে চিঠি দেওয়ার কথাও ভাষণে উল্লেখ করেন ফখরুদ্দীন আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৩১০ঘ.