২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া রাজনীতি চালুর সিদ্ধান্তকে সতর্ক স্বাগত জানিয়েছেন দেশব্যাপী নেতারা

ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতারা। তবে অনেকেই শর্তাধীন না রেখে রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং জরুরি অবস্থা সম্পূর্ণ তুলে নিয়ে স্বাভাবিক পরিবেশে নির্বাচনের দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতারা। তবে অনেকেই শর্তাধীন না রেখে রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার এবং জরুরি অবস্থা সম্পূর্ণ তুলে নিয়ে স্বাভাবিক পরিবেশে নির্বাচনের দাবি করেছেন। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সারাদেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ভাষণে জাতীয় নির্বচানের সময়সীমার ঘোষণাও দেন তিনি। এ ব্যাপারে দেশের বিভিন্ন জেলার রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম ব্যুরোসহ জেলা প্রতিনিধিরা- চট্টগ্রাম: সারাদেশে ঘরোয়া রাজনীতি চালুর সিদ্ধান্তে শর্ত আরোপ যথাযথ হয়নি বলে মন্তব্য করেছেন, চট্টগ্রামের রাজনীতিবিদরা। আওয়ামী লীগ ও বিএনপি শিগগিরই সংগঠনের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক কাজ শুরু করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলদুটির নেতারা। মঙ্গলবারের মধ্যেই মহানগর ও জেলার সকল কার্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল বলেন, "রাজনীতির ওপর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে দেওয়া উচিত। শর্তারোপ করে দীর্ঘদিন পর ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।" চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন পর সরকার সীমিত পর্যায়ে চালুর অনুমতি দিলেও শর্তারোপ করা ঠিক হয়নি। রাজনীতির ওপর থেকে পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানাই আমরা।" চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, বর্তমান চট্টগ্রামে উপস্থিত মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে সোমবার রাতেই একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এ বৈঠকে তারা মঙ্গলবার থেকেই নগরীর কেন্দ্রীয় কার্যালয় খুলে সেখানে নেতা কর্মীদের নিয়ে বসতে শুরু করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জরুরি অবস্থা প্রত্যাহারের মাধ্যমে পুরোপুরি রাজনীতির অনুমতি দেওয়ার দাবি জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, "শর্তসাপেক্ষে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বর্তমান পরিস্থিতিতে মন্দের ভালো। তবে কোনো কর্মসূচির ক্ষেত্রে সরকার বা প্রশাসনের অনুমতির শর্তারোপের মধ্য দিয়ে এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা রয়েই গেল। জরুরি অবস্থা প্রত্যাহার ও রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়ে মুক্ত রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই আমরা।" সিলেট: সারাদেশে ঘরোয়া রাজনীতি চালুর সিদ্ধান্তে সিলেটে রাজনীতিবিদরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও জরুরি অবস্থা প্রত্যাহার না করায় হতাশা জানিয়েছেন তারা। জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরোয়া রাজনীতি চালুর সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ। আমরা চাই অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক।" সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসাইন বলেন, "ঘরোয়া রাজনীতি চালুর সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এখন কেন্দ্রীয় কর্মসূচিসহ স্থানীয় বিভিন্ন কর্মসূচি পালনে আমরা তৎপর হব। দেরিতে হলেও ঘরোয়া রাজনীতি চালু করা হয়েছে। আমরা চাই জরুরি অবস্থা প্রত্যাহার করে রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হোক।" সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, "ঘরোয়া রাজনীতি চালু নয়, আমরা জরুরি অবস্থার প্রত্যাহার চাই। আমরা জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করব।" বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিলম্বে হলেও ঘরোয়া রাজনীতি চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখন প্রয়োজন জরুরি অবস্থা প্রত্যাহার করে সারা দেশে পূর্ণাঙ্গ রাজনীতি চালু করা। একটি দেশ রাজনীতিবিহীন চলতে পারে না। শর্ত দিয়ে ঘরোয়া রাজনীতি নয়, আমরা চাই নিঃশর্ত পূর্ণাঙ্গ রাজনীতি। দলীয় সংস্কারের জন্যও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ প্রয়োজন।" রাজশাহী: রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন ঘরোয়া রাজনীতি চালুর ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে সারাদেশে সম্পূর্ণভাবে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান। ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, "অবিলম্বে সারা দেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানাই আমরা।" অন্যান্য নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, "মঙ্গলবার থেকে দলের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া রাজনৈতিক কার্যক্রম শুরু করব আমরা।" মহানগর জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান প্রধান উপদেষ্টার বক্তব্যকে 'সাহিত্যিক বক্তব্য' আখ্যা দিয়ে বলেন, "সরকার শর্ত সাপেক্ষে সারা দেশে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছে।" শর্তগুলো না দেখে মন্তব্য করতে চাননি তিনি। খুলনা: ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, "এটি একটি ভাল উদ্যোগ। আমরা আশা করি, রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচন হবে। পাশাপাশি আমরা শেখ হাসিনার মুক্তি দাবি জানাচ্ছি।" খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, "সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে শর্ত দিয়ে রাজনীতি হয় না। দ্রুত শর্ত প্রত্যাহার করার দাবি জানাই আমরা।" জাতীয় পার্টি খুলনা জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মধু বলেন, "নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। এর মাধ্যমে অবাধ নির্বাচনের পথ সুগম হবে। যথাসময়ে নির্বাচন হবে বলে আমি আশা করি।" জামায়াত ইসলামী মহানগর শাখার আমীর অধ্যাপক মিয়া গোলাম সরওয়ার বলেন, "কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা না করে কোনো মন্তব্য করবো না।" পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, "প্রধান উপদেষ্টার ভাষণে আমরা হতাশ। ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল শর্তযুক্ত হওয়ায় মনে হচ্ছে জরুরি অবস্থার মধ্যেই সরকার নির্বাচন করার চিন্তা করছে।" জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতাও একইভাবে হতাশা ব্যক্ত করে বলেন, "ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা শর্তযুক্তভাবে শিথিল করায় আমরা হতাশ। আমরা চাই নিঃশর্ত ঘরোয়া রাজনীতি।" গোপালগঞ্জ: ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এতে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক বলেছেন, "রাজনীতি হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত। রাজনীতি না থাকলে গণতন্ত্রচর্চা সম্ভব নয়। আমাদের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানাই।" জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মনসুর আলী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জেলা জাপা সভাপতি অ্যাডভোকেট গোলাম মেহেদী খান বলেছেন, "এটি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। এতে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। " জেলা জামাতের আমীর অ্যাডভোকেট আজমল হোসাইন সরদার বলেছেন, "গণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে মানুষের আশা-আকাঙ্খা পূরণ হবে। এবার একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারবে।" জেলা জাসদ সভাপতি মো. এনামুল হক বলেছেন, "ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রত্যাশিত ব্যাপার। সুষ্ঠু রাজনীতি চর্চার মাধ্যমে বর্তমান অবস্থার মোকাবেলা করতে হবে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতির গুণগত পরিবর্তন ঘটাতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএআর/ডিডি/এসকে/১২৩৫ঘ.