মারুফ আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কিশোরগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীতে ডুবে যাওয়া লঞ্চের ৪৪ যাত্রীর লাশ মঙ্গলবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদের বেশির ভাগের বাড়ি মিঠামইন উপজেলায়। এখনও নিখোঁজ ১৫ থেকে ২০ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। কুলিয়ারচর উপজেলা থেকে এমভি চাঁনপুর নামে ওই যাত্রীবাহী লঞ্চটি শতাধক যাত্রী নিয়ে মিঠামইন আসার পথে নিকলীর সিংপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার কাছে সোমবার বিকালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
সোমবার বিকালে লঞ্চডুবির পরপরই স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যেতে থাকে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে আসেন। কিন্তু লঞ্চে আটকা পড়েন অর্ধশতাধিক। রাত অবধি স্থানীয়দের চেষ্টায় চারটি লাশ উদ্ধার করা হয়। এরপর ঢাকা থেকে বিআইডাব্লিওটিএ ও দমকল বাহিনীর ডুবুরী দল আসার পর পুরোদমে উদ্ধার অভিযান শুরু হয়।
মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ডুবুরীরা আরও ৪০টি লাশ উদ্ধার করলে লাশের সংখ্যা বেড়ে ৪৪-এ দাঁড়ায়। এর মধ্য ২০ জন পুরুষ, ১৫ জন নারী ও নয়টি শিশু। এদের বেশিরভাগের বাড়িই মিঠামইন উপজেলায়।
মঙ্গলবার উদ্ধারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার সোহাগ (৮), সোহান (৯), অপূর্ব (১), মিঠামইনের আরব আলী (২৫), ইয়াছিন (৬), ইকরা আক্তার (১২), সোহেল মিয়া (২৪), জাহাঙ্গীর (৩৫), আব্দুস ছাত্তার (৫০), পারুল (৩০), ইসরাইল (৬), জুবেদ (৪০), হেলাল মিয়া (২৪), নূর জাহান বেগম (৫০), সুফিয়া খাতুন (৪০), সাইফুল (৩৫)। ভৈরবের আরফান (১০), দুলু মিয়া (৩৫), সাদেক মিয়া (৩৫), নোয়াগাজী (৩৫), দুলাল মিয়া (৬৫), গোলাপ মিয়া (৬৫)। বাজিতপুরের সঞ্চিতা রানী দাস (৩০), ইসরাইল (৭০), ফাতেমা (২২), মোহন সাহা (২৪), বাদল সরকার (৫০), রাজন সরকার (৪৫), স্বপন সাহা (৪০), রতন কুমার সাহা (৪৫), তাহের উদ্দিন (৩৫), প্রদীপ কুমার সাহা (৩৭), গণেশ সাহা (৫০)। কুলিয়ারচরের রাজিয়া বেগম (৩২), নিকলীর ঘোড়াদিঘার রিতা আক্তার (৭), নরসিংদীর সিদ্দিক মিয়া (৫৫), জুবেদ আলী (৬৫) এবং ফেঞ্চুগঞ্জের রোজি বেগম (২৬)। দুজনের পরিচয় পাওয়া যায়নি।
লাশ সনাক্তের পরপরই আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই লঞ্চে থাকা যাত্রীদের স্বজনরা আশপাশে বিভিন্ন স্থান থেকে ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমায়। লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। ঘটনাস্থলে জড়ো হওয়া স্বজনরা বলছেন, ১৫ থেকে ২০ জনের সন্ধান তারা এখনও পাননি।
লঞ্চযাত্রী বাদল চন্দ্র সাহা (৪২) সাংবাদিকদের বলেন, "লঞ্চটিতে প্রায় দেড়শ যাত্রী ছিল। এর মধ্যে এক তৃতীয়াংশ সাঁতরে কূলে উঠতে পেরেছে।"
বিকেল সাড়ে পাঁচটার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়। জেলা প্রশাসক সোলতান আহমেদ বলেন, "ডুবুরীরা ভাল করে খুঁজে দেখেছেন। তারা নিশ্চিত করেছেন আরও কোন লাশ থাকার সম্ভাবনা নেই। তাই উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।"
তিনি জানান, ঢাকা থেকে আসা উদ্ধারকারী দলের পরামর্শে কার্গো লঞ্চের সাহায্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের চেষ্টা করা হয়েছে। কিন্তু উদ্ধার করা যায়নি। স্থানীয়ভাবে চেষ্টা করে লঞ্চটি উদ্ধার করা সম্ভব নয় বলেও তিনি জানান।
তিনি আরও জানান, ঘটনা তদন্তে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে প্রতিবেদন দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24