২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক ও গ্রেডার ক্রয় মামলায় মেয়র মহিউদ্দিনের দুর্নীতির প্রমাণ পায়নি দুদক

ছয়টি ট্রাক ও একটি গ্রেডার ক্রয় দুর্নীতির সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সোমবার এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 06:02 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয়টি ট্রাক ও একটি গ্রেডার ক্রয় দুর্নীতির সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সোমবার এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এ নিয়ে দুটি মামলা থেকে অব্যাহতি পেলেন মেয়র মহিউদ্দিন। কমিশনের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার তদন্ত কর্মকর্তা মহানগর দায়রা জজ একেএম বশির উল্লাহর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। আদালত তা গ্রহণও করেছে।" তিনি জানান, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় এ মামলা থেকে মেয়রসহ বাকি আসামিরা অব্যাহতি পেলেন। কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকী গত বছর ২৪ মে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাকি আসামিরা হলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোক্তার আলম, তত্ত্বাবধায় প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত, জুবলী ট্রেডার্সের মালিক মো. হোসাইন হায়দার আলী ও ঠিকাদার সাজ্জাদ হোসেন। মামলার এজাহারে বলা হয়েছিল, করপোরেশনের জন্য ছয়টি ট্রাক ও একটি গ্রেডার কেনার ক্ষেত্রে মেয়র অন্য আসামিদের যোগসাজশে দুর্নীতির আশ্রয় নিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, তদন্তে দেখা গেছে, এসব ট্রাক ও গ্রেডার কেনার ব্যাপারে করপোরেশন কোনো কার্যাদেশ দেয়নি, কোনো বিলও পরিশোধ করেনি। ফলে আর্থিক ক্ষতিরও প্রশ্ন নেই। তাই এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা আরেকটি মামলা থেকে গত ১৫ আগস্ট রেহাই পান মেয়র মহিউদ্দিন । গত বছরের ৭ মার্চ রাতে যৌথ বাহিনী মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.