ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের তিনটি ঘুষের মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
আপিল বিভাগের চেম্বার জজ মো. আবদুল মতিন সোমবার এ আদেশ দেন। আগামী ১৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে কমিশনের এই আবেদনের ওপর শুনানি হবে।
গত বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম পল্টন থানায় এই মামলা তিনটি দায়ের করেন।
এসব মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি থাকার সময় ওবায়দুল কাদের পরিষদের পরিচালক হাবিবুর রহমানের মাধ্যমে আলাদাভাবে ৩৮ লাখ, ৪৭ লাখ ও ৫৭ লাখ টাকা ঘুষ নেন।
আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৮ এপ্রিল এই তিন মামলার ওপর স্থগিতাদেশ দেয়।
গত ৯ মার্চ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/জেকে/২৩৩৩ ঘ.
bdnews24