ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বার্তা সম্পাদককে সাময়িকভাবে বরখাস্ত করার প্রতিবাদে স্যাটেলাইট টেলিভিশন ইটিভির সাংবাদিকরা সোমবার দুপুর থেকে কর্মবিরতি পালন করছেন। তারা বিকাল পাঁচটার খবরও প্রচার করেনি।
ইটিভির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার একটি ঘটনাকে কেন্দ্র করে ইটিভির মালিকপক্ষ সিএনই আহমেদ জুবায়েরকে সাময়িক ভাবে বরখাস্ত এবং শো'কজ করে। এর প্রতিবাদেই সাংবাদিকরা কর্মবিরতি পালন করছেন।"
তিনি জানান, শোকজ ও সাময়িক বরখাস্তের পর আহমেদ জুবায়ের নিজেই পদত্যাগ করে চলে যান।
প্রতিষ্ঠানটির একজন সিনিয়র সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে পাঁচটার দিকে চ্যানেলটির চেয়ারম্যান আব্দুস সালাম অফিসে এসে বলেন, "এক ঘণ্টার মধ্যে নিউজ রুম খালি করুন।"
কতক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে তা জানতে চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাটি বলেন, "সোমবার এই খবর শোনার পর থেকেই সাংবাদিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। কতক্ষণ চলবে তার কোন সঠিক সময় নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৭৪৯ ঘ.
bdnews24