চাঁপাইনবাবগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুুক্তিযুদ্ধের সময় গণহত্যার অভিযোগে শিবগঞ্জ উপজেলার ১১ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের বিচার বিভাগীয় হাকিম মোস্তফা কামাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে তিনি আগামী ২৪ জুন মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ধার্য করেন।
গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জের পারচৌকা গ্রামের ফজলুর রহমান (৬০), কুবেদ আলী (৭০), রানীনগর গ্রামের মর্তুজা (৬৫), চৌধুরীটোলা গ্রামের জাফর আলী (৭০), হাউসনগর গ্রামের ইয়াসিন আলী (৬১), মহাসেন আলী (৬৫), হবু (৫৮), বিনোদপুর গ্রামের জিল্লুর রহমান (৫৯), জগন্নাথপুরের দ্বীন মোহম্মদ (৬২), মনাকষা মিস্ত্রিপাড়ার ইলিয়াস (৫৬) ও রিফুটোলা গ্রামের দ্বীন মহাম্মদ (৭০)।
গত ২৬ ফেব্রয়ারি শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের বদিউর রহমান বুদ্ধু অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে গণহত্যার অভিযোগে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেনিন আলমগীর প্রায় আড়াই মাস পর তদন্ত শেষে গত ৭ মে তদন্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে ১১ জনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে। রানীনগর গ্রামের আইনাল হকের (৬০) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার নাম তদন্ত প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেনিন আলমগীর জানান, " গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে আদালতের নির্দেশের কথা শুনেছি, তবে এখনও কাগজপত্র হাতে পাইনি। আদালতের নির্দেশের কপি পেলেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।"
১৯৭১ সালের ৭ অক্টোবর বিকেলে মনাকষা ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে ১২ জনকে ধরে এনে আসামিরা মনাকষা হুমায়ুন রেজা হাই স্কুলের পশ্চিম পাশে একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাদের নির্যাতন করার পর গুলি করে হত্যা করে এবং মাটি চাপা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24