২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় অভিযোগপত্র অনুমোদন

অবৈধ ভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধ ভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কনের্ল হানিফ ইকবাল এ কথা জানান। দুদক মহাপরিচালক জানান, মওদুদ আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৭৩ টাকার সম্পত্তির তথ্য গোপন ও ৯ কোটি ৪ লাখ ৩৭ হাজার ২৩৩ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর মওদুদের বিরুদ্ধে অবৈধভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২শ' ৮৭ টাকার সম্পত্তি অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গুলশান থানায় মামলাটি করেন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল হক সিদ্দিকী। এতে অভিযোগ করা হয়, মওদুদ আহমদ বেনামে এবি ব্যাংকের ইসলামপুর শাখায় ৩ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখায় এক কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার এফডিআর করেছেন যা তিনি হিসাব বিবরণীতে উল্লেখ করেননি। ওই বছরের ৩ জুলাই দুদক স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে সাবেক আইনমন্ত্রীর কাছে নোটিশ পাঠানোর পর ২৩ জুলাই তিনি সম্পত্তির বিবরণী জমা দেন। মওদুদ আহমেদকে গত ১২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই রাতে তার বাড়ি থেকে ১২ বোতল বিদেশি মদ জব্দ করার সূত্রে মাদক আইনে মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯২৫ঘ.