২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করুন: ছাত্র শিক্ষকদের রাষ্ট্রপতি

জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনে ছাত্র ও শিক্ষকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা. মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জ্ঞান-ভিত্তিক সমাজ গঠনে ছাত্র ও শিক্ষকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্টের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ছাত্র-শিক্ষকদের জ্ঞান অর্জনে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "এতে করেই জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে এবং আমরা প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে পারবো।" তিনি বলেন, উচ্চ শিক্ষার দুটি পথ হলো ছাত্র-শিক্ষকদের জ্ঞান ভাগাভাগি এবং তা সমৃদ্ধ করা। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন," নাগরিকদের শিক্ষিত করে তোলা সরকারের প্রাথমিক দায়িত্ব। এক্ষেত্রে বেসরকারি খাত সরকারের বড় অংশীদার হতে পারে।" সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শমসের আলী শিক্ষার মান নির্ণয় ও এর উন্নয়ন করার লক্ষ্যে অবিলম্বে দেশে একটি স্বাধীন অ্যাক্রেডিটেশন কাউন্সিল স্থাপন করার তাগিদ দেন। তিনি বলেন, এই কাউন্সিল শিক্ষক ও শিক্ষার্থীর গুণ,পাঠদান ও গবেষণার মান ও বিশ্ববিদ্যালয়ের পাঠাগারসহ অন্যান্য ভৌত অবকাঠামো যাচাই করে বলে দিতে পারবে কোন বিশ্ববিদ্যালয় কোন বিষয়ে সবচাইতে ভালো করছে। অধ্যাপক শমসের আলী বলেন, এই অ্যাক্রেডিটেশন হতে হবে একটিই এবং তা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় উভয়ের জন্য হবে ।" সমাবর্তন বক্তা ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। আরও বক্তব্য দেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও সাউথ এশিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রেজাউল করিম। সমাবর্তনে মোট ৮১৫ ছাত্র-ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলের জন্য ২৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৯১৬ঘ.