ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন আগামী ২৫ মে পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে কার্যকরী কমিটির কোনো কাজ করতে পারবেন না বলে আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার নবম সহকারী জজ ইফতেখার আহমেদের আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। ২৫ মে আবারো শুনানি হবে।
গত ৪ মে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত নতুন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সুজন যেন ওই পদে দায়িত্ব পালন করতে না পারেন, সে মর্মে নিষেধাজ্ঞা চেয়ে ওই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ঢাকার নিম্ন আদালতে মামলা করেন ।
মামলা দায়েরের পর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, এ মর্মে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেয় আদালত।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সুজনসহ নির্বাচন উপকমিটির ১১ জনকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশপ্রাপ্ত অন্যরা হচ্ছেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম, সমিতির সহ সম্পাদক কেএম জাহিদ সারোয়ার কাজল, নির্বাচন উপকমিটির সদস্য আকম আব্দুল হাকিম, পূরবী রানী শর্মা, জিয়াদ আল মালুম, মোতাহের হোসেন সাজু, আশরাফুল কামাল, শেখ আখতারুল ইসলাম, আবু মো. আমিন উদ্দীন এবং ফাহিমা নাসরিন।
মামলায় বলা হয়, নির্বাচনে ২৯ এপ্রিল রাতে ভোট গণনার পর প্রথমে বাদী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে জয়ী ঘোষণা করা হলেও পরদিন জয়ী ঘোষণা করা হয় নূরুল ইসলাম সুজনকে। বাদীকে বৈধ নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করতে আদালতের আদেশ চাওয়া হয়।
মামলায় নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. নিজামুল হক নাসিমসহ ১১ জনকে মূল বিবাদী করা হয় এবং পাঁচজনকে মোকাবিলা বিবাদী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসকে/১৮০৪ঘ.
bdnews24