নীলফামারী, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলঢাকা উপজেলার হরিশচন্দ্রপাঠ এলাকায় তিস্তা সেচনালা পরিদর্শন সড়কে সোমবার সকালে বালুবোঝাই ট্রাক্টর খাদে পড়ে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি ট্রাক্টর চালকের সহকারী। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় সদর থানার টুপামারী ইউনিয়নের ঢুলিয়া গ্রামের ফজর আলীর ছেলে দুলাল হোসেন (৩৫) ও রামনগর গ্রামের জহির উদ্দীনের ছেলে সাজুকে (২৫) নীলফামারী আধুনিক হাসপাতালে ও অজ্ঞাত পরিচয় অপর দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী জানান, নীলফামারী শহরের বাবুপাড়ার শাহ খয়রাত হোসেনের ছেলে শাহ আনোয়ার হোসেনের (৩৮) মালিকানাধীন ট্রাক্টরটি বালু নিয়ে নীলফামারী আসছিল। হরিশচন্দ্রপাঠ এলাকায় একটি রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী মারা যান। তার পরিচয় জানা যায়নি।
তিনি জানান, সদর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ট্রাক্টর চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৪৩ ঘ.
bdnews24