২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ভাষণে হাসিনার মুক্তির বিষয়ে বক্তব্য চায় আ. লীগ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার মুক্তির বিষয়ে তারা দৃঢ়ভাবে আশাবাদী। সোমবার প্রধান উপদেষ্টার ভাষণে হাসিনার মুক্তির ব্যাপারে সুনর্দিষ্ট বক্তব্য ও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ থাকবে বলেও আশা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার মুক্তির বিষয়ে তারা দৃঢ়ভাবে আশাবাদী। সোমবার প্রধান উপদেষ্টার ভাষণে হাসিনার মুক্তির ব্যাপারে সুনর্দিষ্ট বক্তব্য ও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ থাকবে বলেও আশা করছেন তিনি। রোববার সন্ধ্যায় ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে আশরাফুল সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, নেত্রী বেরিয়ে আসবেনই। আমরা তার নেতৃত্বেই নির্বাচনে যাব। " এসময় সাংবাদিকরা তার এই আত্মবিশ্বাসের কারণ জানতে চাইলে আশরাফুল বলেন, "আইনি লড়াই ও সাংবিধানিক প্রক্রিয়াতেই নেত্রী বেরিয়ে আসবেন। যারা রাজনীতিতে অভিজ্ঞ তারা বুঝতে পারবেন, নেত্রী কিভাবে বেরিয়ে আসে। আওয়ামী লীগ যা বলে তা করে ছাড়ে।" তিনি বলেন, "নেত্রীর মুক্তির জন্য সাংবিধানিক যত উপায় রয়েছে তার সবই প্রয়োগ করা হবে।" সোমবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা। ওই ভাষণে কী থাকবে বলে আশা করেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আশা করি, তার ভাষণে নেত্রীর মুক্তির ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য থাকবে। জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ থাকবে। যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণার অঙ্গীকার থাকবে। প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগের কথা বলবেন বলেও আশা করি আমরা।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান আগে থেকেই বলে আসছেন, হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না। অন্যদিকে, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু নির্বাচনে অংশ নেয়ার পক্ষে বক্তব্য দিয়েছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফুল বলেন, "এ ব্যাপারে আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। তারা দুজনেই বলেছেন, তাদের বক্তব্য সঠিকভাবে প্রচার করা হয়নি।" তিনি জানান, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশেষ কর্মসূচি পালনের বিষয়ে সভাপতিমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। জিল্লুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএস/জেকে/এমএইচবি/১৪১৬ ঘ.