চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানা এলাকার পাথরঘাটা নজু মিয়া লেইনে রোববার ভোরে ছিনতাইকারীর ছূরিকাঘাতে এক ব্যক্তি মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ শাহেদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে।
কোতোয়ালী থানার ভারপ্র্প্তা কর্মকর্তা (ওসি) নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে পাথরঘাটা নজু মিয়া লেইনে আনুমানিক ৪০ বছর বয়েসী অজ্ঞাত পরিচয় এক পথচারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আনিসুর রহমান ও ফেরদৌস রহমান নামের দুই ভাই।
পথচারী বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছূরিকাঘাত করে পালিয়ে যায়। টহল পুলিশের একটি দল আহত পথচারীকে উদ্ধার করে সকাল ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি জানান, দুই ভাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাইসহ নানারকম অপরাধের সঙ্গে জড়িত। এ দুজনকে গ্রেপ্তারে তাদের বড় ভাই শাহেদুর রহমান আজাদকে আটক করা হয়েছে। এরা ৩ নম্বর নজু মিয়া লেইন এলাকার বদিউর রহমানের ছেলে।
ওসি নুরুল আলম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৫৫ ঘ.
bdnews24