ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
জরুরি অবস্থা প্রত্যাহার, ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে ওই ভাষণে।
তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, আগামীকাল (সোমবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রায় একই সময়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "আশা করছি, প্রধান উপদেষ্টার ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সংলাপের বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা থাকবে।"
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, "কালই এসব বিষয় স্পষ্ট হয়ে যাবে, আর একটু অপেক্ষা করুন।"
প্রধান উপদেষ্টার ভাষণের পরই রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে সংলাপের আমন্ত্রণ জানানো হবে বলে যোগাযোগ উপদেষ্টা জানান।
ভাষণে দুই নেত্রীর মুক্তির বিষয়ে কিছু থাকবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে গোলাম কাদের বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না।"
সংলাপের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, "আমাদের প্রাক সংলাপ ও সংলাপের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারপরও আমরা নিয়মিত বৈঠক করছি। গতকালও বসেছি, আজও বসবো।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সফলের বিষয়ে আশাবাদী শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সংলাপ সফল হতেই হবে; সফল না হয়ে কোনও উপায় নেই।"
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুই নেত্রীর মুক্তি দাবি করা হয়েছে, তাদের মুক্তি না দিয়ে সংলাপে সফলতা কিভাবে আসবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আপনারা দুই নেত্রীর মুক্তির বিষয়টিকে বড় করে দেখছেন। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর উৎসাহকে বড় করে দেখছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংলাপ প্রশ্নে যে উৎসাহ সৃষ্টি হয়েছে, তাতে সংলাপের সাফল্য অবশ্যম্ভাবী।"
দলগুলোর সঙ্গে কোনও বিষয়ে এখনও সরকারের মতপার্থক্য রয়েছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে হোসেন জিল্লুর রহমান বলেন, "যেখানে বড় বিষয় থাকে সেখানে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে। সেগুলো মুখ্য হয়ে ওঠে না।"
গত ৬ মে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। সেদিন তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেসসচিব আবদুল আউয়াল হাওলাদার সাংবাদিকদের বলেন, 'তিনি (প্রধান উপদেষ্টা) রাষ্ট্রপতিকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে সংলাপের বিভিন্ন দিক নিয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা থাকবে।"
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এএইচডি-ইএইচবি/এমআই/১৩৪১ ঘ
bdnews24