২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরে খাবার খেয়ে সাভারে পোশাক কারখানার ৫শ' শ্রমিক অসুস্থ

সাভারের আশুলিয়ার খেজুর বাগান এলাকার কসমো পোলিটান ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শনিবার দুপুরের খাবার খেয়ে প্রায় পাঁচশত শ্রমিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

সাভার, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার খেজুর বাগান এলাকার কসমো পোলিটান ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শনিবার দুপুরের খাবার খেয়ে প্রায় পাঁচশত শ্রমিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের কারখানার নিজস্ব হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। অসুস্থরা বমি করার পাশাপাশি মাথা ঘুরে নিস্তেজ হয়ে পড়ছে বলে জানায় তাদের সহকর্মীরা। কসমো পোলিটান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপক মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, তাদের কারখানায় চার হাজার শ্রমিক কাজ করে। এদের মধ্যে প্রায় পাঁচশ' শ্রমিক দুপুরের খাবার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর বাকি শ্রমিকদের মাঝে খাবার বিতরণ বন্ধ রাখা হয়। নিম্নমানের খাবার খাওয়ার কারণেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি। এ কারখানায় খাবার সরবরাহ করে আশুলিয়া এলাকার এস এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। অসুস্থ শ্রমিক সুমি, সীমা, মুন্না, জুয়েল, পাপড়ী, সুমন, পাপিয়া, কাজল, শিশু, হারুনসহ অনেকেই জানান, নিম্নমানের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। খাবার হিসেবে শনিবার দুপুরে দেওয়া হয় ব্রয়লার মুরগির মাংস, আলু ও ডাল। কারখানার চিকিৎসক আশরাফ উদ্দিন ও শাওরাত আফরিন জানান, প্রচণ্ড গরমে হঠাৎ ব্রয়লার মুরগির মাংস দিয়ে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে শ্রমিকরা। খাদ্যে বিষয়ক্রিয়ার কারণে এমন হয়েছে কিনা- প্রশ্নের জবাবে আশরাফ উদ্দিন বলেন, "এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। রোববার সকালে মহাখালী পরীক্ষাগারে খাদ্যের নমুনা পাঠানো হবে। এর ফল জানা গেলেই বিস্তারিত বলা যাবে।" আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনাটি তারা তদন্ত করছেন। এদিকে, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এস এন্টারপ্রাইজের মালিক সাহাবুদ্দিন প্রতিষ্ঠানে তালা লাগিয়ে চলে যাওয়ায় তার সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এসএনডি/২২৩৯ ঘ.