২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক মজুরি নির্ধারণে চট্টগ্রামে বিজেএমইএ ও সোয়েটার কারখানা মালিকদের বিশেষ কমিটি

চট্টগ্রামের বিভিন্ন সোয়েটার কারখানায় শ্রকিম অসন্তোষ ও ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য একটি যৌথ 'টেকনিক্যাল কমিটি' করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক সমিতি (বিজেএমইএ) ও কারখানা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বিভিন্ন সোয়েটার কারখানায় শ্রকিম অসন্তোষ ও ভাংচুরের ঘটনার প্রেক্ষিতে শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য একটি যৌথ 'টেকনিক্যাল কমিটি' করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক সমিতি (বিজেএমইএ) ও কারখানা কর্তৃপক্ষ। কমিটির সিদ্ধান্ত না মেনে দাবি আদায়ের জন্য শ্রমিকরা কোনো প্রতিষ্ঠানে ভাংচুর বা হামলা করলে চট্টগ্রামের সব সোয়েটার কারখানা বন্ধ (লক আউট) করে দেওয়া হবে। শনিবার আগ্রাবাদে বিজেএমইএ ভবনে চট্টগ্রামের বেশিরভাগ সোয়েটার কারখানা মালিক ও বিজেএমইএ নেতাদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিজেএমইএ চট্টগ্রাম শাখার সচিব মাঈনুদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- সভায় পিস রেট নির্ধারণের ক্ষেত্রে কারখানা মালিক, বিজেএমইএ প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের উপ প্রধান কারখানা পরিদর্শককে নিয়ে একটি যৌথ টেকনিক্যাল কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি প্রতিটি কারখানায় পিস রেট নির্ধারণে কাজ করবে। কোনো প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি সংক্রান্ত আপত্তি থাকলে তা এ কমিটিকে জানাতে বলা হবে। এজন্য প্রতিটি কারখানায় কমিটির সদস্যদের ফোন নম্বরসহ পোস্টার লাগানো হবে। কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে কোনো কারখানায় ভাংচুর ও হামলা করা হলে একযোগে সর কারখানা লক আউট করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বিজেএমইএ প্রথম সভাপতি এম এ ছালামের সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সমিতির বর্তমান ও সাবেক সভাপতি ও পরিচালকসহ সোয়েটার কারখানা মালিকরা উপস্থিত ছিলেন। কারখানায় হামলা ও বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয় ওই সভা থেকে। বর্তমান মৌসুমকে সোয়েটার তৈরির 'পিক সিজন' উল্লেখ করে মালিকরা অভিযোগ করেন, চট্টগ্রামের কারখানাগুলোতে পরিকল্পিতভাবে শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা চালানো হচ্ছে। যাতে এ সময়ে পোশাকের অর্ডার কমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এসএনডি/২২২৬ ঘ.