ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-) বর্তমান অর্থবছরের তুলনায় আগামী ২০০৮-২০০৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ এক হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন অর্থবছরের এডিপি হবে ২৫ হাজার ৫০০ কোটি টাকা। চলতি মাসের শেষের দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন হবে। স্বাধীনতার পর এবারই প্রথম উন্নয়ন কর্মসূচির আকার কমানো হচ্ছে।
পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নতুন এডিপির আকার সম্পর্কে জানান।
চলতি অর্থবছরের বাজেটে মূল এডিপির আকার ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা। নানা কারণে বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় গত ২৪ মার্চ তা কাটছাঁট করে ২২ হাজার ৫০০ কোটিতে নামিয়ে আনা হয়। তবে সংশোধিত এডিপিতে টাকার পরিমাণ কমলেও প্রকল্প সংখ্যা বেড়েছে। মূল এডিপিতে প্রকল্প সংখ্যা ছিল ৯৩১টি। সংশোধনের পর পর তা এক হাজার ৫৮টিতে দাঁড়ায়।
জাফর আহমেদ চৌধুরী বলেন, "দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আগামী অর্থবছরের এডিপিতে কর্মসংস্থান সৃষ্টিমূলক প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কৃষি, বিদ্যুৎ, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সহায়ক প্রকল্প বেশি গ্রহণ করা হবে।"
নতুন এডিপিতে স্থানীয় ও বৈদেশিক সাহায্যের (প্রকল্প সাহায্য) অনুপাত কেমন হবে বা কতোটি প্রকল্প থাকবে- এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব বলেন, "এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরো কিছুদিন সময় আছে। এর মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।"
স্বাধীনতার পর গত ৩৬টি এডিপি বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি বছরই এডিপি'র আকার বেড়েছে। এবারই প্রথম উন্নয়ন কর্মসূচির আকার কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-৭৩ প্রথম এডিপি'র আকার ছিল ৫০১ কোটি টাকা। এরপর থেকে প্রতি বছরই বরাদ্দের পরিমাণ বেড়ে চলতি অর্থবছরে তা ২৬ হাজার ৫০০ কোটিতে পৌঁছায়। ২০০৫-০৬ অর্থবছরে মূল এডিপি ছিল ২৪ হাজার ৫০০ টাকা। ২০০৬-০৭ অর্থবছরে তা ছিল ২৬ হাজার কোটি টাকা। তবে কোনোবারই মূল এডিপির পুরোটা বাস্তবায়ন হয়নি। অর্থবছরের শেষে এসে প্রতিবারই মূল এডিপি থেকে একটি বড় অংশ ছেঁটে ফেলা হয়।
চলতি অর্থবছরের এডিপি কাঁটছাটের পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, "ইতিহাস ঘেটে দেখেছি- কোনো বছরেই মূল এডিপি'র পুরোটা বাস্তবায়ন হয় না। এডিপি সংশোধন একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় এবারো ২৬ হাজার ৫০০ কোটি টাকার মূল এডিপি সংশোধন করে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/১৯২৯ ঘ.
bdnews24