সাভার মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার জিরাব এলাকায় ৬টি পোশাক কারখানার ১২শ' শ্রমিকের মধ্যে শুক্রবার ২৫ টাকা কেজি দরে চাল বিক্রি করেছে বাংলাদেশ নিট পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
সকাল সাড়ে ১০টায় জিরাব এলাকার আইরিশ ফ্যাশন ও আইরিশ নিটওয়ার লিমিটেড কারখানায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিকেএমইএ চেয়ারম্যান ফজলুল হক।
আইরিশ ফ্যাশন, আইরিশ নিটওয়ার, অ্যাকটিভ কম্পোজিট, রেডিয়্যান্স ফ্যাশন, এইচ এস কোরিয়া ও ক্রস ওয়্যার লিমিটেডের শ্রমিকদের মধ্যে এই চাল বিক্রি করা হয়।
চাল বিক্রি শেষে ফজলুল হক সাংবাদিকদের বলেন, "বিকেএমইএ'র অন্তর্ভুক্ত গার্মেন্টসগুলোর শ্রমিকদের ২৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। প্রত্যেকে সর্বোচ্চ ৪ কেজি করে চাল পেয়েছেন। আজ (শুক্রবার) ৬টি কারখানার ১২শ' শ্রমিককে চাল দেয়া হয়েছে। বাজারে চালের দাম কমে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় অন্যান্যের মধ্যে বিকেএমইএ'র সিনিয়র সহ-সভাপতি আবদুর রাশেদ, সহ-সভাপতি এম এ রহমান (ফিন্যান্স), এম এ বাসেত, পরিচালক মনোয়ার হোসেন, আইরিশ ফ্যাশন ও আইরিশ নিট ওয়ার এর পরিচালক এম এ মাজেদ, অ্যাকটিভ কম্পোজিট মিলস এর ব্যবস্থাপনা পরিচালক এসকে আবদুর রাশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৪ ঘ.
bdnews24