বাগেরহাট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা গ্রামে সন্ত্রুাসীদের ছোড়া এসিডে ঝলসে গেছে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধুর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ। বৃহষ্পতিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।
আহত নাসরিনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসরিনের স্বামী আলম শেখ জানান, বৃহষ্পতিবার রাতে ৪/৫ জন সন্ত্রাসী তাদের ঘরে ঢুকে নাসরিনকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তার বাম হাত, বুক ও মুখের বাম পাশ ঝলসে যায়।
আলমের সন্দেহ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার প্রতিবেশীরাই এ ঘটনা ঘটিয়েছে।
কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আওলাদ হোসেন জানান, নাসরিনের শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক শিব শংকর দে জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আলম শেখকে মামলা করার জন্য থানায় আসতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৩২ ঘ.
bdnews24