২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা শুরু

চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে ল্যাপটপ মেলা 'ল্যাপটপ পোর্ট-২০০৮'। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে তিন দিন। মেলার বিভিন্ন স্টলে বিশ্বের ১২টি ব্রান্ডের সাড়ে ২৭ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ঢোকার ক্ষেত্রে কোনও টিকিট লাগছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে ল্যাপটপ মেলা 'ল্যাপটপ পোর্ট-২০০৮'। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার শুরু হওয়া এ মেলা চলবে তিন দিন। মেলার বিভিন্ন স্টলে বিশ্বের ১২টি ব্রান্ডের সাড়ে ২৭ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ঢোকার ক্ষেত্রে কোনও টিকিট লাগছে না। দেশের বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রামে ল্যাপটপ মেলা ঘিরে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। শুক্রবার সকালেই দর্শনার্থীরা ভিড় জমায় মেলায়। এর মধ্যে তরুণদের সংখ্যাই ছিল বেশি। বিভিন্ন স্টল ঘুরে তাদের প্রয়োজনীয় মডেলের ল্যাপটপ খুঁজতে দেখা যায়। পাশাাপাশি কোনটির কী সুবিধা বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের সঙ্গে তুলনা করেও দেখছেন তারা। প্রতিটি ল্যাপটপে আকর্ষণীয় ছাড় এবং তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা থাকায় মেলা থেকে ল্যাপটপ কিনতে আগ্রহী ক্রেতারা। শুক্রবার শুরু হলেও মেলার শনিবার সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে আয়োজকরা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম, সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বেটার বিজনেস ফোরামের সদস্য সৈয়দ মাহবুবুল ইসলাম ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। মেলার আয়োজন করছে মেকার কমিউনিকেশন নামে একটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আজাদী। শুক্রবার সকালে মেলায় আসা তরুণ স্থপতি শুভদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডেস্কটপ থেকে ল্যাপটপ এখন অনেক বেশি জনপ্রিয় ও প্রয়োজনীয়। এটি সহজেই বহন করে প্রয়োজনীয় কাজ করা যায়। ব্যবসায়িক কাজের জন্যও ল্যাপটপ খুব প্রয়োজনীয়। প্রজেক্ট প্রোফাইল ও ক্লায়েন্টদের বাসায় গিয়ে কোনও চুক্তি সম্পাদন এবং প্রজেক্টের বিস্তারিত তুলে ধরার ক্ষেত্রে ল্যাপটপের জুড়ি নেই।" চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ল্যাপটপ মেলা বাণিজ্যিক ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান আসুস এর প্রডাক্ট ম্যানেজার একেএম মহিউদ্দিন খসরু বলেন, "এ মেলা নিয়ে আমরা আশাবাদী। চট্টগ্রাম বিশেষ করে বন্দর নগরী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হওয়ায় এখানে ল্যাপটপের বিশাল বাজার রয়েছে। দিনদিন ল্যাপটপের প্রতি মানুষের চাহিদা বাড়ছে।" শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়; ল্যাপটপের ধারণা ও একে জনপ্রিয় করতেই এ মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে তার অভিমত। বিশ্বখ্যাত এসার, আসুস, বেনকিউ, এইচপি, কমপ্যাক, ডেল, ফুজিৎসু, গিগাবাইট, হাসি, কিংস, লেনোভা, সনি ও তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ সাশ্রয়ী মূল্যে মেলায় পাওয়া যাচ্ছে। মেলায় ১৮টি প্রতিষ্ঠানের মোট ২৫টি স্টল রয়েছে। এছাড়া মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক আজাদীরও দুটি স্টল রয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এর কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান মেলা নিয়ে আশাবাদী। তিনি বলেন, "শুধু বিক্রি নয়, চট্টগ্রামে ল্যাপটপ নিয়ে ইতিবাচক সাড়া পড়লে মেলা সার্থক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/১৬১৪ ঘ.