ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সাল নাগাদ বাংলাদেশে টেলিঘনত্ব হবে ৮০ ভাগ। অর্থাৎ ওই সময় দেশের ৮০ ভাগ লোকের হাতে টেলিফোন পৌঁছে যাবে। বৃহস্পতিবার রাজধানীতে 'টেলিকম অ্যান্ড আইসিটি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: দি পাস্ট, দি প্রেজেন্ট অ্যান্ড দ্যা ফিউচার' শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বলেন, "আইসিটি খাতের সম্ভাবনা অনেক। এই সম্ভবনাকে কাজে লাগাতে সরকার ব্যবসায় যুক্ত হবে না। সুবিধা প্রদানকারীর ভূমিকায় থাকবে।"
বিটিআরসির চেয়ারম্যান মনজুরুল আলম বলেন, "সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম ছিল অবিশ্বাস্য রকম বেশি। এটা কমানো হয়েছে। কলসেন্টারের জন্য ৬০ ভাগ ছাড় দেওয়া হয়েছে। আমাদের এখনে মোবাইল ফোনের ট্যারিফ বিশ্বে সবচেয়ে কম। গড়ে মাত্র ৮০ পয়সা।"
তিনি বলেন, "বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট চালুর চেষ্টা করা হচ্ছে। তবে এজন্য কমপক্ষে ৮ বছর লাগবে। বাংলাদেশ স্যাটেলাইটের জন্য দুটি কক্ষপথ পেয়েছে। এর মধ্যে একটি কক্ষপথে অন্য দেশের ৫টি স্যাটেলাইট রয়েছে। যৌথভাবেও স্যাটেলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে।"
বিটিআরসির চেয়ারম্যান বলেন, "বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে অবিশ্বাসের মেঘ। এ অবিশ্বাস সরকার ও উদ্যোক্তাদের মধ্যে। তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতকে অবশ্যই এক ছাতার নিচে আনতে হবে।"
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডার্স ইয়েনসেন তার প্রবন্ধে বলেন, বর্তমানে দেশের ৫ লাখ মানুষ মোবাইল ফোনখাতের ওপর নির্ভরশীল। দেশের ৮৭ ভাগ এলাকা ও ৯৮ ভাগ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে।
বিশ্ব ব্যাংকের সিনিয়র আইসিটি স্পেশালিস্ট তেনজিন দোলমা নরবুহ অপর এক প্রবন্ধে বলেন, ২০০৭ সালে দেশের জিডিপিতে মোবাইল খাতের অবদান ছিল এক ভাগের বেশি। ২০০৬ সালে ২ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে তথ্য প্রযুক্তি খাত থেকে। ২০১২ সাল নাগাদ বাংলাদেশে টেলিঘনত্ব ৮০ ভাগে পৌঁছবে।
তিনি বলেন, "বিটিআরসির আর্থিক স্বাধীনতা প্রয়োজন। ২০০৬ সালে বিটিআরসি সরকারি কোষাগারে ৭০০ কোটি টাকা জমা দিয়েছে। অথচ তাদের নিজেদের বাজেট ছিল মাত্র ৫ কোটি টাকা।"
সভাপতির বক্তব্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান বলেন, মোবাইল কোম্পানিগুলো শেয়ার বাজারে আসলে বাজারে গতিশীলতা বাড়বে। দেশের তথ্য প্রযুক্তি খাততে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি খাতকে অংশিদারীত্বের ভিত্তিতে কাজ করতে হবে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, একটেলের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল সিমুর, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদ খান, সিটি ব্যাংক এনএ'র কান্ট্রি অফিসার মামুন রশিদ ও বিটিআরসির সিনিয়র কনসালটেন্ট ব্যারিস্টার অনিক আর হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24