ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই প্রধান দল আওয়ামী লীগ বা বিএনপি বয়কট করলেও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টেফান ফ্রয়েন।
বাংলাদেশে টেকসই গণতন্ত্রের জন্য ২০০৮ সালের সংসদ নির্বাচন খুবই জরুরি বলে অভিমত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে 'ইউরোপিয়ান ডে' উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন স্টেফান ফ্রাওয়েন।
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রতিনিধি দলের প্রধান ফ্রাওয়েন বলেন, "দু' একটি দল ছাড়াও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। যদিও এটা আদর্শ পরিস্থিতি হবে না। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অপরিহার্য শর্ত নয়।"
বিএনপি বা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না জানতে চাওয়া হলে এ মন্তব্য করেন তিনি।
উভয় দলের কয়েকজন নেতা বলেছেন, দুই দলের প্রধানকে কারাগারে রেখে তারা নির্বাচনে যাবেন না।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক মেইকি, ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লি কসোরেৎ, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিয়া টিন ট্যুশার, ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি, ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার হবেগার্ড, সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট ফকমান হ্যাগস্ট্রম প্রমুখ।
এ প্রসঙ্গে জার্মানির একটি উদাহরণ টেনে রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক মেইকি বলেন, "একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো একক ব্যক্তি সবকিছুর নির্ধারক হতে পারে না।"
খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারাগারে রেখে নির্বাচন করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেইকি বিএনপি ও আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে স্টিফান ফ্রাওয়েন বলেন, "ভবিষ্যতে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে ২০০৮ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অত্যাবশ্যক বলে মনে করে ইউরোপীয় কমিশন।"
কেউই জরুরি অবস্থা পছন্দ করে না উল্লেখ করে ফ্রাওয়েন বলেন, "পরিস্থিতি অনুযায়ী যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন।"
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলো 'শুধু' তাদের নেতাদের মুক্তি ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করে যাচ্ছে বলে তিনি হতাশ।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা এখনো উদ্বিগ্ন এ মন্তব্য করে ডাচ রাষ্ট্রদূত বিয়া টিন ট্যুশার বলেন," এ ব্যাপারটি সরকারকেও অবহিত করেছি আমরা। কয়েকটি নিরাপত্তা সংস্থার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সরকারের সুনির্দিষ্ট জবাব আশা করছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/
bdnews24