২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ও জাতীয় খাদ্যনীতি প্রণয়নের দাবি এফবিসিসিআই উপদেষ্টার

বাস্তবমুখী ও সমন্বিত কৃষিনীতি এবং একইসঙ্গে জাতীয় খাদ্যনীতি প্রণয়নের দাবি জানিয়েছেন এফবিসিসিআই উপদেষ্টা মঞ্জুর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস্তবমুখী ও সমন্বিত কৃষিনীতি এবং একইসঙ্গে জাতীয় খাদ্যনীতি প্রণয়নের দাবি জানিয়েছেন এফবিসিসিআই উপদেষ্টা মঞ্জুর আহমেদ। 'বাংলাদেশের কৃষি বাণিজ্য: বর্তমান চিত্র, সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে বৃহস্পতিবার মঞ্জুর আহমেদ বলেন, "আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর; শতকরা ৬১ ভাগ সাধারণ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত। তাই অবিলম্বে বাস্তবমুখী ও সমন্বিত কৃষিনীতি এবং জাতীয় খাদ্যনীতি প্রণয়ন করা প্রয়োজন।" রাজধানীর সিরডাপ মিলনায়তনে জিমার্ক কনসাল্টিং লিমিটেড ও অক্সফাম ইন্টারন্যাশনাল যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। এফবিসিসিআই উপদেষ্টা মঞ্জুর আহমেদ কৃষি পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারেরও আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, "সরকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য বিদেশীদের সুবিধা দিলেও দেশীয় উৎপাদকদের এ সুবিধা দেওয়া হচ্ছে না।" নারী নেত্রী শিরীন আকতার বলেন, "আগামী ১০ বছরে কৃষিখাতকে সবদিক দিয়ে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য সরকারের উচিৎ দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা।" পোল্ট্রি ব্যবসায়ী নাসির আহমেদ কৃষিপণ্যে ভেজাল প্রতিরোধে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন জিমার্ক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল ইসলাম। এতে বলা হয়, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, কৃষকদের জ্ঞানবৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজার সংযোগ উন্নতকরণ, দরিদ্র জনগোষ্ঠীর কাজের সুযোগ বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের স্বার্থ রক্ষা এবং উপযুক্ত সহায়তার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উন্নয়ন করেই কেবল বাংলাদেশে কৃষি বাণিজ্যে উন্নয়ন আনা সম্ভব। অনুন্নত অবকাঠামো, অপর্যাপ্ত অর্থের যোগান, গুণগত মান নিয়ন্ত্রণের অক্ষমতা, অদক্ষ বাজারজাতকরণ এবং অপ্রতুল প্রযুক্তি বিনিময় কৃষিখাতের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে বলেও ওই প্রবন্ধে উল্লেখ করা হয়। সেমিনারে অন্যদের মধ্যে অক্সফাম ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়ক জিয়াউল হক মুক্তা, লাল তীর সিড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম, হর্টেক্স ফাউন্ডেশনের মহা ব্যবস্থাপক ড. মো. সাবজাল উদ্দিনসহ বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এমএ/১৮৩২ঘ.