২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো মামলায় ৬ পলাতক আসামির গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলার অভিযুক্ত পলাতক ছয় আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলার অভিযুক্ত পলাতক ছয় আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় এই পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক। আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত যাবতীয় তথ্য উপস্থাপন করার জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন বিচারক। একই সঙ্গে তিনি কারাগারে থাকা মামলার অভিযুক্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে ১৪ মে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। এই মামলার অপর আসামী হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত কিন্তু জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় অন্য একটি মামলায় কারাগারে আটক সাবেক জ্বালানি সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে ওইদিন আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গত বুধবার বিকেলে এই অভিযোগপত্র ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই অভিযোগপত্রসহ মামলার নথিটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়। দুদকের দায়ের করা কোনো মামলার অভিযোগপত্র আইন অনুযায়ী মুখ্য মহানগর হাকিম আদালত গ্রহণ করতে পারেন না। এটি একমাত্র গ্রহণ করতে পারে দায়রা জজ সমমর্যাদার বিশেষ জজ। অভিযোগপত্র গ্রহণের জন্য মুখ্য মহানগর হাকিম আদালত থেকে পাঠানো হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে। ওইদিন একই থানায় একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও একটি মামলা করে কমিশন। গত ৩ এপ্রিল খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/১৬৩৫ ঘ.