নাটোর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারায় পুলিশ সদস্যকে হত্যা করে লুট করা অস্ত্র বুধবার নাটোরের নলডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি দল নলডাঙ্গার একটি পুকুরে তল্লাশি করে একটি এসএমজি, তিনটি চাইনিজ রাইফেল ও একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করে।
এর আগে ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার নিশান, মতিন, ফজল, বাদশা, বাবু ও লাকী নামে ছয় জনকে আটক করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম জানান, বাগমারার সাজুরিয়া গ্রামের নিশান পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। গত চার বছর ধরে সে পালিয়ে ছিল। পুলিশের অস্ত্র লুটের পর নিশানকে গ্রেপ্তার করা হয়।
নিশানের স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার বিকেলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাঈদ ও সহকারী পুলিশ সুপার আশরাফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নলডাঙ্গা উপজেলা সদর থেকে সোয়া কিলোমিটার পশ্চিমে মঞ্জিলগাছা পুকুরে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
ফাইজুল ইসলাম জানান, উদ্ধারের সময় অস্ত্রগুলি পলিথিনে মোড়া ছিল। সন্ধ্যায় সেগুলো নলডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে রাজশাহী অঞ্চলের উপ মহা পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, নাটোরের জেলা প্রশাসক এস এম এহসান কবীর, রাজশাহীর পুলিশ সুপার দিদার আহম্মেদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মেজর কাজী মাহমুদুন্নবী নলডাঙ্গা থানায় যান।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত জালাল ওরফে জাহাঙ্গীর নামের একজনকে আটক করার জন্য মঙ্গলবার রাতে নাটোর সদর উপজেলার বুড়ির বটতলা গ্রামে অভিযান চালানো হয়। জালালকে না পেলেও আটক করা হয় তার সহযোগী মতিন, ফজল, বাদশা, বাবু ও লাকীকে। তাদের দেয় তথ্য অনুযায়ী নাটোরের হয়বতপুর থেকে আটক করা হয় নিশান ওরফে বাচ্চুকে। এরা সবাই এখন নলডাঙ্গা থানা হেফাজতে আছে।
আশরাফ হোসেন জানান, আটকের সময় নিশানের কাছ থেকে অস্ত্র লুট অপারেশনের একটি খসড়া মানচিত্র ও কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।
নিশানের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি বলেন "নিশানসহ মোট ১২ জন হামলায় অংশ নেয়। পরিকল্পনা অনুসারে ছয় জন পুলিশের বিপরীতে ১৪ জনের দল গঠন করা হয়েছিল। কিন্তু অপারেশনের সময় ছিল ১২ জন। প্রত্যেক পুলিশকে দুইজন চরমপন্থী আঘাত করে। কনস্টেবল মিজানুর রহমানকে হত্যা করে নিশান। অপারেশনের পর তারা হাটের মানুষের সঙ্গে মিশে যায়। পরে অস্ত্রগুলি পলিথিনে মুড়ে পুকুরে ডুবিয়ে রাখা হয়।"
রাজশাহী অঞ্চলের উপ মহা পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে নাটোরের বামিহাল পুলিশ ফাঁড়ি, গুরুদাসপুর থানা ও নওগাঁর চওবাড়িয়া হাটে চরমপন্থীদের হামলায় বহু আগ্নেয়াস্ত্র লুট ও পুলিশ হত্যার ঘটনা ঘটলেও এবারই প্রথম লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।
গত ২ মে শুক্রবার সন্ধ্যায় বাগমারার তাহেরপুরে টহল পুলিশের ওপর চরমপন্থীদের হামলায় নিহত হন কনস্টেবল মিজানুর রহমান। এ সময় আহত হন পুলিশের নায়েক শাহীনুর, কনস্টেবল সামিউল কবীর, কনস্টেবল সারোয়ার ও আনসার সদস্য আব্দুল আজিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১৯ ঘ.
bdnews24