সিলেট, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে ভারত থেকে কয়লা আসছে না।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তামাবিল সীমান্ডে কয়লা ভর্তি ট্রাকে দুই দফায় তল্লাশি চালানোকে 'হয়রানি' মনে করে ভারতের রপ্তানিকারকরা গত ১৮ এপ্রিল থেকে কয়লা রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে গত তিন সপ্তাহে সরকার প্রায় চার কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
সিলেট কয়লা আমদানিকারক গ্র"প বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। তারা কয়লা আমদানি স্বাভাবিক করতে তামাবিল স্থল বন্দর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগও প্রত্যাশা করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে এক টানা প্রায় তিন সপ্তাহ ধরে কয়লা আমদানি বন্ধ থাকায় দেশে জ্বালানি সঙ্কট দেখা দেওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এ পরিস্থিতিতে তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ কার্যকর কোনও ভূমিকা নিচ্ছে না।
ব্যবসায়ীরা দাবি করেন, আমদানিকারকদের ছয় হাজার মেট্টিক টন কয়লার ঋণপত্র খোলা রয়েছে। এসব ঋণপত্রের বিপরীতে প্রতি ১০০ মেট্রিক টনে এক লাখ ২৬ হাজার টাকা অগ্রিম রাজস্ব সরকারের কোষাগারে জমাও দেওয়া হয়েছে। কিন্তু কয়লা আসা বন্ধ থাকায় আমদানিকারকরাও আর্থিক সঙ্কটে পড়েছেন।
সিলেট কয়লা আমদানিকারক গ্র"পের অর্থ সম্পাদক ফালাউদ্দিন আলী আহমদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।
সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি বলেন, "কয়েকদিন আগে ভারতীয় রপ্তানীকারকদের ঠিক এভাবেই ওপারে হয়রানি করা হয়েছিল। তখন তারা রপ্তানি বন্ধ করে দফায় দফায় তল্লাশি করার বিষয়টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। বাধ্য হয়ে সেদেশের কর্তৃপক্ষ তল্লাশি স্বাভাবিক করেছে। এখন তারা আমাদের প্রতি আহ্বান জানিয়েছে, আমাদের অংশে তল্লাশির প্রতিবাদ জানাতে।"
সংশ্লিষ্টরা জানায়, তামাবিল স্থলন্দর দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি ট্রাকের মাধ্যমে কয়লা আমদানি হয়। সীমান্তে এপার-ওপারে দুইবার তল্লাশি করা হয়।
গত ১৭ এপ্রিল সকাল থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত থেকে কয়লা ভর্তি ট্রাক এপারে পৌঁছামাত্র দুই দফায় তল্লাশি চালানো হয়। এ বিষয়টিকে ভারতীয় কয়লা রপ্তানিকারকরা 'হয়রানি' আখ্যা দিয়ে পর দিন থেকে কয়লা রপ্তানি বন্ধ করে দেয়।
এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের তত্ত্বাবধায়ক আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত রাখার স্বার্থে স্থলবন্দরগুলো দিয়ে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কয়েক দফা তল্লাশির নির্দেশনা দেওয়া হয়েছে সরাসরি মন্ত্রণালয় থেকে। সে নির্দেশনা মেনেই তল্লাশি করা হচ্ছে।
আমদানি বন্ধ হওয়ায় সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে স্বীকার করে বন্দর কর্মকর্তা জানান, এ সময়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলে সরকারের প্রায় চার কোটি টাকা রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24