ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণ তদন্ত করে দেখার জন্য বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নবনির্বাচিত নেতারা।
প্রয়োজনে এজন্য কমিটি গঠনেরও তাগিদ দিয়েছেন তারা।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এফবিসিসিআই'র নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাদের এ দাবির কথা তুলে ধরেন।
একই সঙ্গে তারা দেশে ব্যবসা-বাণিজ্য খাতে বিরাজমান সমস্যাগুলোর সমাধানে উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "বৈঠকে ব্যবসায়ী নেতারা কিভাবে জাতীয় অর্থনীতিতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। তারা দেশে বিরাজমান গ্যাস ও বিদ্যুতের সংকটের সমস্যার কথা তুলে ধরেছেন। এছাড়াও অর্থনৈতিক খাতে বেশ কিছু সংস্কারের ব্যাপারেও তারা পরামর্শ দিয়েছেন।"
তিনি আরো বলেন, " আমরা সম্মিলিতভাবে ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানে কাজ করার ব্যাপারে একমত হয়েছি। কারণ সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এর স্থায়ী সমাধানও আমাদের খুঁজতে হবে। সমাধানের মাধ্যমে আমাদের সব কিছু সচল রাখতে হবে। সমস্যার কারণে সব কিছু বন্ধ তো করে দেওয়া যাবে না।"
জিল্লুর রহমান আরো বলেন, দেশের গ্যাস বা বিদ্যুতের সংকটের কারণে শিল্পায়ন ও বিনিয়োগ বন্ধ করা যাবে না। শিল্পায়ন, বিনিয়োগ ও উৎপাদন অব্যাহত রাখতে হবে। সমাধানের পথে আমাদের এগিয়ে যেতে হবে। গ্যাস না থাকলে বিকল্প জ্বালানীর ব্যবস্থা করতে হবে। তা না হলে দেশে রপ্তানী আয় বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা ধরে রাখা যাবে না।
এফবিসিসিআই'র নবনির্বাচিত সভাপতি আনিসুল হক বলেন, এফবিসিসিআই'র সেমিনারে জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেশে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কথা বলেছেন। অথচ এর আগে বলা হতো দেশে পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। তাই আমরা তার ওই বক্তব্য আরো পরীক্ষা করে দেখার জন্য উপদেষ্টাকে অনুরোধ করেছি।
তিনি বলেন, গ্যাসের সমস্যার জন্য প্রয়োজনে নতুন করে গ্যাসের সন্ধান, বিকল্প জ্বালানী হিসেবে কয়লার ব্যবহার বৃদ্ধি, পুরোনো বিদ্যুৎ কেন্দ্রগুলো মেরামত, নতুন রেন্টাল বিদ্যুৎ স্থাপনের প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৫৪১ ঘ.
bdnews24