২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আলু মেলা শুরু

খাদ্য তালিকায় আলুকে জনপ্রিয় করার উদ্দেশ্য নিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার শুরু হয়েছে আলু মেলা। তিন দিনব্যাপী এ মেলা যৌথভাবে আয়োজন করছে সিএসডি বাংলাদেশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বুধবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা সিএস করিম। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদও ওই সময় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 09:02 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য তালিকায় আলুকে জনপ্রিয় করার উদ্দেশ্য নিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার শুরু হয়েছে আলু মেলা। তিন দিনব্যাপী এ মেলা যৌথভাবে আয়োজন করছে সিএসডি বাংলাদেশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বুধবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা সিএস করিম। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদও ওই সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সিএস করিম খাদ্যাভ্যাস পরিবর্তন না করে ভাতের পাশাপাশি আলু খাওয়ার মাত্রা বাড়ানোর আহবান জানান। তিনি বলেন, "প্রতিবছর সারাবিশ্বে উৎপাদিত আলুর অর্ধেকই সরবরাহ করে এশিয়া অঞ্চল। আর বিশ্বের দুই থেকে তিন শতাংশ আলু উৎপাদন হয় বাংলাদেশে।" সিএস করিম বলেন, "এবার আলু উৎপাদনে বিরাট জাগরণ এসেছে। এক বছরের এই একটি ফসলে ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটা সম্ভব হয়েছে কৃষকের অক্লান্ত পরিশ্রমে।" বিশ্বে আলু থেকে উৎপাদিত পণ্যের ৩৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে জানিয়ে উপদেষ্টা ভবিষ্যতে বাংলাদেশও আলু রপ্তানিকারক দেশ হবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেনারেল মইন উ আহমেদ বলেন, "দেশে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে। এজন্য ভাতের পাশাপাশি আমি আলু খাওয়ার কথা বলেছি, যাতে ২/৩ মাসের মধ্যেই অতিরিক্ত আলু খাওয়া হয়ে যায়।" ভাতের পাশাপাশি আলু খাওয়ার পরামর্শ দেওয়ায় ভিন্নমতের বিষয়ে সেনাপ্রধান বলেন, "যারা ভিন্নমত পোষণ করেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারাই সমাধান দেন, এত আলু কী করব।" খাদ্য উৎপাদনের কৃতিত্ব কৃষকদের দিয়ে মইন উ আহমেদ বলেন, "আড়াই কোটি কৃষকের জন্য দেশের ১৫ কোটি মানুষ বেঁচে আছে। এই আড়াই কোটি কৃষকই সাড়ে তিন কোটি মেট্রিক টন শস্য উৎপাদন করে।" কৃষি সচিব আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি অ্যাড স্পাইজকারস, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার ফারুখ ও কৃষক নাজমুল আখতার স্বপন। অনুষ্ঠানে ১০ জন আলুচাষীকে পুরস্কৃত করা হয়। মেলায় আলু বিষয়ক আলোচনা, টক শো, রান্না উপস্থাপনা ও রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আলু উৎপাদন, সংরক্ষণ ও এ শিল্পে যুক্ত ৪০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল রয়েছে মেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচএস/আরএ/এমআই/১৪৫০ ঘ.