২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ ও উদ্ধারকর্মী নিয়ে মিয়ানমারের পথে সশস্ত্র বাহিনীর দল

ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী মিয়ানমারকে সাহায্যের উদ্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল বুধবার ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমার রওয়ানা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:49 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী মিয়ানমারকে সাহায্যের উদ্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল বুধবার ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমার রওয়ানা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খানের নেতৃত্বে দলটি উদ্ধার কাজেও সহযোগিতা করবে। টিসি -১৩০ কার্গো বিমানে করে দলটি সকালে রওয়ানা হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান কুর্মিটোলা বিমান ঘাটিতে প্রতিনিধি দলকে বিদায় জানান। বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত উ নিয়ান লিন এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ সদস্যের ওই দলটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণসামগ্রী মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে আলু, বিভিন্ন ধরনের ওষুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শাড়ি, লুঙ্গি, প্যান্ট, গামছাসহ বিভিন্ন ধরণের পোশাক এবং আচ্ছাদন। আন্তর্জাতিক সাহায্যের জন্য মিয়ানমারের আহ্বানে সাড়া দিয়ে ভ্রার্তৃত্বের নিদর্শন এবং প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরকার এ সব ত্রাণ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/