ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামে শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলায় আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার চেম্বার জজ আবদুল মতিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের তিনটি ও শ্রীকান্ত রক্ষিতের মা শিখা রক্ষিতের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
হাইকোর্ট গত ২০ এপ্রিল এক রায়ে শ্রীকান্ত হত্যা মামলায় নিম্নআদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চার জনকে খালাস ও এক জনের দণ্ড বহাল রাখে। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন আজিম উদ্দিন মাহমুদ, কামরুল হাসান টিটু, মোবারক ও জাহাঙ্গীর আলম। আসামি দীপক ভোলার মৃত্যুদণ্ড বহাল থাকে।
হাইকোর্ট এছাড়া তিন বছর করে কারাদণ্ড পাওয়া আসামি পরিতোষ রক্ষিত, আবদুর হামিদ, ইরফান চৌধুরী, অরুণ রক্ষিত, বরুণ রক্ষিত, সরোজ গুহ ও কাজল রক্ষিতকেও খালাস দেয়।
এ ছাড়া আসামি সাবেক সাংসদ এবিএম ফজলে করিম, এলাহী জান, অমিত রক্ষিত, অপরূপ রক্ষিত, সাহাবুদ্দিন সাবুর নিম্ন আদালতে খালাস পাওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল ২০০৪ সালের ১০ জুন মামলাটির রায় দেয়।
ট্রাইবুনালের এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামরুল হাসান টিটু, মোবারক, জাহাঙ্গীর আলম ও দীপক দত্ত হাইকোর্টে 'জেল আপিল' দায়ের করেন। অন্যদিকে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষ থেকে ফৌজদারি আপিল দায়ের করা হয়।
অন্যদিকে খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়। এছাড়া 'স্বল্প সাজাপ্রাপ্ত' পরিতোষ রক্ষিতসহ অপর আসামিদের সাজা বৃদ্ধির জন্যও হাইকোর্টে আপিল করা হয়েছিল।
২০০৩ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড থেকে বাসায় ফেরার পথে খুন হন অ্যাডভোকেট মৃদুল কান্তি রক্ষিতের ছেলে শ্রীকান্ত রক্ষিত। তার গলাকাটা লাশ হাটহাজারী থানার শিকারপুর গ্রামের লালচন্দ্র বিলের ধান ক্ষেতের পাসে ফেলে রাখে হত্যাকারীরা।
শ্রীকান্তের মা পরদিন ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24