ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক কারখানার কর্মী নূরজাহানের আত্মহত্যার ঘটনায় পুলিশের সম্পৃক্ত থাকার অভিযোগে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান ও উপপরিদর্শক আব্দুস সালামের বিরুদ্ধে 'শাস্তিমূলক' ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও অঞ্চল) আব্দুল মান্নান বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের ভাগ্নে ইমতিয়াজ আহমেদকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানোরও অভিযোগ উঠেছে।
সোমবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খানকে রাজশাহী রেঞ্জে তাৎক্ষণিক বদলি এবং উপপরিদর্শক আব্দুস সালামকে রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
গত ২৫ এপ্রিল আদাবর মেহেদী হাউজিং-এ একটি টিনসেড ঘরে নূরজাহানকে আটক রেখে কয়েকজন সন্ত্রাসী ধর্ষণ করে। ঘটনাটি আড়াল করতে সন্ত্রাসীরা রাজিব নামের এক যুবকের সঙ্গে নূরজাহানকে বিয়ে দিলে ৩০ এপ্রিল তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন।
নূরজাহানের ভাই নজরুল ইসলাম অভিযোগ করেন, তার বোন উত্তর আদাবরের মেহেদীবাগের যে ছাপড়া বাসায় ভাড়া থাকত তার মালিক রতন আলী ওরফে বোতলসহ মিজানুর রহমান, কিরণ ও বিপ্লব তাকে ধর্ষণ করে।
তিনি জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে আদাবর থানায় গেলে 'সালাম দারোগা' ঘটনাস্থলে গিয়ে ধর্ষকপক্ষের কথা শুনে উল্টো তাকে মারধর করে। উল্টো নূরজাহানকে নষ্টা আখ্যা দেয়। সেদিন মামলা নেওয়া হয়নি। ২৮ এপ্রিল জোর করে রাজীব নামে ধর্ষকদের এক সহযোগীর সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।
নজরুল বলেন, "২৫ এপ্রিল ধর্ষণের শিকার হওয়ার পর নূরজাহান আমার মামাতো বোনের বাসায় চলে যায়। পরদিন রাতে আমি পুরো ঘটনা জানতে পারি। ২৭ এপ্রিল আদাবর থানায় বোনকে নিয়ে গেলে ওসি সাহেব আমার অভিযোগ শুনে দারোগা সালামকে দিয়ে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। ঘটনাস্থলে যাওয়ার পথে আমার বোন এক ধর্ষককে সনাক্ত করলে সে দৌড়ে পালিয়ে যায়।"
তিনি জানান, এরপর রতনের বাসায় গিয়ে পুলিশ বাসার লোকজনের কাছে ঘটনার কথা জানতে চায়। কিন্তু তারা কেউই স্বীকার করেনি। তারা সবাই রতনের লোক। তারা স্বীকার না করায় দারোগা সালাম ঘটনাস্থলেই সবার সামনে লাঠি দিয়ে তাকে মারধর করে রক্তাক্ত করে। তারা বলেন, তোমার বোন নষ্টা। রতনের ভাতিজা রাজিবের সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। রাজিবের সঙ্গে তার বিয়ে দিয়ে দাও। এরপর আমি মামলা করতে চাইলেও মামলা নেওয়া হয়নি। ২৮ এপ্রিল জোর করে রাজিবের সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়া হয়।
এরপর ৩০ এপ্রিল বিষ খেয়ে আত্মহত্যা করেন নূরজাহান।
এ ঘটনার পর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, নূরজানকে তার ভাইই বিষ খাইয়েছে।
তবে মঙ্গলবার সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও অঞ্চল) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আদাবর থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের ভাগ্নে ইমতিয়াজ আহমেদকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানোরও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফরিদ আহমেদ নামের এক আইনজীবীর করা প্রতারণা মামলার ৪ নম্বর আসামি ছিলেন ইমতিয়াজ আহমেদ। মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক আব্দুস সালাম। ৩০ এপ্রিল মোহাম্মদপুর থানার আরেকটি মামলায় ইমতিয়াজ আদালতে হাজিরা দিতে গেলে তদন্ত কর্মকর্তা আমাকে না জানিয়েই প্রতারণা মামলায় তাকে অ্যারেস্ট দেখান। এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি কোনো সঠিক জবাব দিতে পারিনি।"
তবে আব্দুস সালাম দাবি করেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশেই ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০৪০ ঘ.
bdnews24