কক্সবাজার, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মঙ্গলবার সকালে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত ও নূর হোসেন নামে এক ডাকাত আহত হয়েছেন।
নূর হোসেন বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তার বাড়ি হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কামরুল আজম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ১০/১২ সদস্যের একদল ডাকাত হোয়াইক্যং ইউনিয়নের কমবনিয়া এলাকার মোহাম্মদ আবদুল্লাহর বাড়িতে হানা দেয়। এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আবদুল্লাহকে মারধর করেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে।
জনতার ধাওয়ার মুখে ডাকতদের অধিকাংশই পালিয়ে যেতে পারলেও দু'জন তাদের হাতে ধরা পড়ে। জনতা আটক দুই ডাকাতকে পিটুনি দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক (৩৫) ডাকাত নিহত ও নূর হোসেন নামে এক ডাকাত আহত হন।
পুলিশ কর্মকর্তা কামরুল আজম জানান, নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মিয়ানমারের নাগরিক বলে তাদের ধারণা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নিহত ডাকাতের লাশ টেকনাফ থানায় রয়েছে। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24