২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মঙ্গলবার সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অত্যন্ত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে মঙ্গলবার সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অত্যন্ত ৪০ জন আহত হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে সোহাগ মিয়া ও ফজলু মিয়ার মধ্যে রাস্তায় ধান রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষেরই নারী-পুরুষ, শিশুসহ প্রায় ৪০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত চার জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের পরিচয় জানাতে পারেননি ওসি। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৩ ঘ.