সিরাজগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে মঙ্গলবার সকালে বাস মালিক ও শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্ররা ৫টি বাস ভাংচুর ও একটি বাসে অগ্নিসংযোগ করে।
সংঘর্ষের পর থেকে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিকেল ৪টা থেকে যান চলাচল আবার শুরু হয়।
ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল হোসেন বলেন, "মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দের মূর্খতার কারণে এই গণ্ডগোল হয়েছে। প্রশাসনকে না জানিয়ে তারা ছাত্রদের অবরোধ ভাঙতে গিয়ে এই সমস্যার সৃষ্টি করেছে।"
পুলিশ প্রশাসন সাংবাদিকদের সামনেই বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে এর জন্য তিরষ্কার করেন।
পুলিশও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট-এর মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে অবস্থিত ইনস্টিটিউটের সামনে বাস থেকে নামতে চান। কিন্তু বাস চালক তাকে পলিটেকনিক ইনস্টিউটের সামনে না নামিয়ে বেশ দূরে নিয়ে নামান। এতে ওই শিক্ষকের সঙ্গে বাসের চালক ও হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়।
আমিনুল ইসলাম বিষয়টি মোবাইল ফোনে তার ছাত্রদের জানান। এই ঘটনা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।
পরে বাস-শ্রমিক ও মালিকরা ১০/১২টি বাসে এসে অবরোধ তুলে দিতে চাইলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টা দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্ররা ৫টি বাস ভাংচুর করে এবং একটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ছাত্র, শিক্ষক ও বাস মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে। দমকল বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ করা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিক্ষুব্ধ ছাত্রদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অবরোধ চলার সময় বাস মালিক সমিতির সভাপতি আলমাজি জিন্নাহ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণির নেতৃত্বে শ্রমিকরা ছাত্রদের উপর হামলা চালায়।
সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি ছাত্রদের অভিযোগ অস্বীকার করে বলেন, "ছাত্ররা বিনা উস্কানিতে গাড়ি ভাংচুর ও গোলমাল করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24