ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরঘাটে দু'টি লঞ্চ পোড়ানোর ঘটনায় অজ্ঞাতনামা ২০/২৫ হাজার মানুষকে আসামি করে রোববার গভীর রাতে কেরানীগঞ্জ থানায় দু'টি মামলা হয়েছে।
ঘটনা তদন্তে সোমবার অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন উপপরিচালক শাহজল হককে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে সরকার। কমিটির অন্য দুই সদস্য হলেন- বিআইডব্লিউটিএ এর উপপরিচালক ইকবাল আহমেদ ও লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শাহাবুদ্দিন মিলন। তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সদরঘাটের পূর্বদিকে খেয়া পারাপারের জন্য ব্যবহৃত মসজিদ ঘাটটি (সিম্পসন) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রোববার সকালে দুটি লঞ্চ পুড়িয়ে দেয়। এরপর রোববারই বিআইডব্লিউটিএ ঘাট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে। সোমবার এ ঘাটে স্বাভাবিক নৌকা পারাপার চলেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম। সোমবার সদরঘাট এলাকায় ছিল পুলিশের কড়া পাহারা।
অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন উপপরিচালক শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লঞ্চে হামলার প্রতিবাদে মালিকরা যে আন্দোলন কর্মসূচি দিয়েছিল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় তা প্রত্যাহার করা হয়েছে। হামলা-ভাংচুরের ঘটনায় মঙ্গলবার সকালে যৌথবাহিনীর সঙ্গে বিআইডব্লিউটিএ, জেলা এবং পুলিশ প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। তাতে পরবর্তী করণীয় ঠিক হবে।"
এদিকে, ক্ষতিগ্রস্ত লঞ্চ দু'টি সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে সরানো হয়নি। আগুনে পুড়ে যাওয়া অভিযান-৩ লঞ্চের মালিক জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুড়ে যাওয়া দু'টি লঞ্চ ছাড়াও আরো চারটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। আমরা ৪ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছি। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত লঞ্চগুলো সরানো হবে না।"
ক্ষতিগ্রস্ত লঞ্চগুলোর বীমা করা ছিল না বলে জানান তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক মো. মোরশেদ আলম জানান, লঞ্চ পোড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে দু'টি মামলায় অজ্ঞাতনামা ২০/২৫ হাজার লোককে আসামি করা হয়েছে। এর তদন্ত শুরু হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গুদারাঘাট সংলগ্ন মার্কেটের ব্যবসায়ি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববারের ঘটনার পর মামলা হওয়ায় এলাকায় চলছে গ্রেপ্তার আতঙ্ক। সোমবার অনেকেই ভয়ে দোকান খোলেননি।
বিািডনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২১৫৮ ঘ.
bdnews24