নওগাঁ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রানীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সোমবার ভোরে চরমপন্থী দল- পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল-লাল পতাকার) দুই আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রানীনগর-পূর্বাঞ্চলের সাবেক আঞ্চলিক কমান্ডার অদৈত্য বাবু ওরফে রিপন (৩৫) এবং পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার আবুল কালাম আজাদ।
শুক্রবার রাজশাহী বাগমারায় পুলিশ খুন ও অস্ত্র লুটের ঘটনায় নাটোর, রাজশাহী ও নওগাঁয় বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, উত্তর রাজাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে চরমপন্থী নেতা রিপন পাঁচটি হত্যা মামলার আসামি। এর আগে ২০০৪ সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হলেও এ বছর জানুয়ারি মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।
অপরদিকে গুয়াতা গ্রামের উমির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি জানান, গত ৬ এপ্রিল রাতে বেতগাড়ী বাজারের ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24