ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তার দেশ।
সোমবার দুপুরে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাতের পর আনোয়ার চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
বিদায়ী হাইকমিশনার প্রায় এক ঘণ্টা খোন্দকার দেলোয়ারের সঙ্গে কথা বলেন। তারা আগামী নির্বাচন, সরকারের সঙ্গে আসন্ন সংলাপ, দেশের মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সেখানে ছিলেন।
আনোয়ার চৌধুরী সাংবাদিকদের জানান, "বিদায় নিতে এসেছি। বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। তবে এর মধ্যে প্রধান বিষয় ছিল নির্বাচন।"
তিনি বলেন, "আমি বিশ্বাস করি, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দল অংশ নেবে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশ নেবেন।"
জরুরী অবস্থা প্রত্যাহার সর্ম্পকে এক প্রশ্নের জবাবে বৃটিশ হাইকমিশনার বলেন, "বৃটেন আশা করে, জরুরি অবস্থা প্রত্যাহার করে বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তবে কোনো কারণে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করা না গেলে তা শিথিল করার সুযোগ থাকতে হবে।"
পরে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের জানান, "বিদায়ী হাইকমিশনারের সঙ্গে নির্বাচন, সংলাপ, জরুরী অবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাজবন্দিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি।"
তিনি বলেন, "আমরা হাইকমিশনারকে বলেছি, দুই নেত্রীকে মুক্তি দিয়ে সংলাপে অংশ নিতে দিলে তা অর্থবহ হবে। তাদের বাদ দিয়ে নির্বাচন এ দেশের জনগণ মেনে নেবে না। কোনো পাতানো নির্বাচন হলে দেশের অস্থিতিশীল অবস্থা স্থায়ী রূপ নিতে পারে।"
এর আগে সকালে আনোয়ার চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এসএম/জেকে/এমএ/১৭০৭ ঘ.
bdnews24