পটুয়াখালী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালবাসায় পটুয়াখালীবাসী চির বিদায় জানিয়েছে ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ সৈয়দ আশরাফ হোসেনকে।
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ আশরাফকে সোমবার তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি গত শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ঢাকা থেকে আনার পর সৈয়দ আশরাফের মরদেহ সোমবার সকাল ৯টায় পটুয়াখালী শহরের শহীদ স্মৃতি পাঠাগারে রাখা হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে সকাল ১০টায় মরদেহ নেওয়া হয় পটুয়াখালী শহীদ মিনারে। সেখানে বিভিন্ন দল ও সংগঠন তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এ সময় ফুলে ফুলে ভরে উঠে কফিন।
বেলা ১১টায় পটুয়াখালী ঈদগাহ মাঠে জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ বাউফল উপজেলায় নিয়ে যাওয়া হয়। বাউফল হাই স্কুল মাঠে আরেকটি জানাজা শেষে তাকে ধুলিয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রোববার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হয়।
সৈয়দ আশরাফ ১৯৩০ সালে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। আইয়ুব বিরোধী আন্দোলনে জড়িয়ে জেলও খাটেন তিনি। পরে তিনি ন্যাপের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ আশরাফ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে পটুয়াখালীতে সক্রিয় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪২৭ ঘ.
bdnews24