২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে এবার বেড়েছে মুরগির দাম, চাল কমার দিকে

চট্টগ্রাম নগরীর বাজারে এবার বেড়েছে খামার ও দেশি মুরগির দাম। গত সপ্তাহে বেড়ে যাওয়া সয়াবিনের দাম স্থির রয়েছে। তবে কিছুটা হলেও কমেছে চালের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বাজারে এবার বেড়েছে খামার ও দেশি মুরগির দাম। গত সপ্তাহে বেড়ে যাওয়া সয়াবিনের দাম স্থির রয়েছে। তবে কিছুটা হলেও কমেছে চালের দাম। শুক্রবার সকালে চট্টগ্রামের খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খামারের মুরগি কেজিপ্রতি ১২৫ টাকা এবং দেশি মুরগি ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। রেয়াজুদ্দিন বাজারের মুরগি বিক্রেতা মো. নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্ড ফ্লু'র কারণে মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। নগরী ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন খামার থেকে মুরগি আসা কমে গেছে। উৎপাদন বাড়লে দাম স্বাভাবিক হবে বলে তিনি জানান। তবে দেশি মুরগি ও হাঁসের ডিমের দাম আরেক দফা কমেছে। সাতদিন আগে ৫২০ টাকায় বিক্রি হওয়া প্রতি শ' দেশি মুরগির ডিম শুক্রবার বিক্রি হয়েছে ৪৮০ টাকা। হাঁেসর ডিম প্রতি শ' ২০ টাকা কমে বিক্রি হয়েছে ৪৫০ টাকায়। এক সপ্তাহ আগে বেড়ে যাওয়া ভোজ্য তেলের দাম স্থির রয়েছে। রেয়াজুদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি কেজি খোলা সয়াবিন ১১০ টাকা, সুপার সয়াবিন ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এক লিটারের বোতলজাত রূপচান্দা ১১৫ টাকা, পুষ্টি ১১৬ টাকা এবং রূপচান্দা ৫ লিটারের জার ৫৬৫ ও পুষ্টি ৫৬৮ টাকায় বিক্রি হয়েছে। আপাতত সয়াবিন তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন। খুচরা বাজারে বিভিন্ন মানের আতপ চালের দাম কমেছে কেজিতে এক টাকা করে। বাজার ঘুরে দেখা গেছে, বার্মা বেতী প্রতি কেজি ২৮ টাকা, মিনিকেট আতপ ৩৬ টাকা, ভারতীয় বেতি ৩৩ টাকা, বালাম সিদ্ধ ৩৫ টাকা, পারি আতপ (নতুন) ৩৫ টাকা, পারি আতপ (পুরান) ৩৭ টাকা, পারি সিদ্ধ ৩৬, দিনাজপুরী পাইজাম ৪১ টাকা, জিরাশাইল ৪২ টাকা, বালাম সিদ্ধ ৩৫ টাকা, পাইজাম সিদ্ধ ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। খূচরা চাল বিক্রেতা আবদুর রাজ্জাক জানান, পাইকারী বাজারে নতুন চাল উঠলেও খূচরা দোকানে এখনও তা আসেনি। সে কারণে দাম কমার হার কম। আগামী মাসে চালের দাম আরও কমবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০২৪ ঘ.