ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মে দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের 'মে মেলা'র আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও জার্মান সরকার। মিলনায়তনের দোতলা ও তিনতলায় ৫২টি স্টলে তৈরি-পোশাক, চামড়াজাত পণ্য যেমন আছে তেমনি আছে হারবাল সামগ্রী ও ওষুধ। কয়েকটি বেসরকারি সংস্থাও তাদের প্রকাশনা নিয়ে স্টল সাজিয়েছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে মে মেলার উদ্বোধন করা হয়। প্রচার নেই বলে মেলায় লোক সমাগম কম। তারপরও যারাই এসেছেন, মে দিবসকে উপলক্ষ করে এ ধরনের আয়োজনে চমৎকৃত হয়েছেন তারা।
চাঁনখারপুল এলাকা থেকে শুক্রবার মেলায় আসা শিক্ষার্থী সাইফুল ইসলাম নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোশাক খাতের শ্রমিকদের সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। এখানে এসে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারলাম। দেশের পোশাক খাত সম্পর্কেও ধারণা পাওয়া গেল।
অবনী নিটওয়্যার লিমিটেডের জুনিয়র আইটি ম্যানেজার মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার প্রচুর দর্শনার্থী এসেছিলেন। আজ দর্শনার্থী কম।"
হামদর্দের ম্যানেজার শরীফ আবদুল্লাহ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মেলায় নিটওয়্যার ও পোশাক খাতের স্টলই বেশি। আমাদের স্টল দেওয়ার মূল উদ্দেশ্য হারবাল সামগ্রী সম্পর্কে জনগণের ভ্রান্ত ধারণা দূর করা।"
প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় সরকারের পক্ষ থেকে নিটওয়্যার খাতের দশটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শুক্রবার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত ১০ প্রতিষ্ঠান হলো- অবনী নিটওয়্যার লিমিটেড, আনোয়ারা কটন লিমিটেড, এস এম নিটওয়্যার, এস এম নিউ জেনারেশন অ্যাপারেলস্ লিমিটেড, ফকির নিটওয়্যার, নিট কনসার্ন, নায়াগ্রা টেক্সটাইল, গ্রামীণ নিটওয়্যার, রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেড ও মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড।
মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/আরবি/জেকে/এমএইচবি/১৯৫০ ঘ.
bdnews24