টাঙ্গাইল, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে বৃহস্পতিবার রাতে ডাকাতের গুলিতে এক জন নিহত হয়েছে। ডাকাত দল ওই গ্রামের ইমাম উদ্দিন পীরের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মরহুম ইমাম উদ্দিন পীরের বাড়িতে ১৫/২০ জনের একটি ডাকাত দল হানা দেয়।
তিনি বলেন, "পীরের তিন ছেলে জাহাঙ্গীর, নান্নু ও নাসির বাড়িতে ছিলেন। ডাকাতরা জাহাঙ্গীরকে মারপিট করে এবং নান্নুর স্ত্রী পান্নার কান ছিড়ে দুল ছিনিয়ে নেয়। নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে পাশের বাড়ির কবীর (২৮) এগিয়ে এসে এক ডাকাতকে জাপটে ধরে।"
আব্দুন নূর জানান, ওই সময় কবীরকে লক্ষ করে ডাকাতরা গুলি চালালে সে ঘটনাস্থলেই মারা যায়। ডাকাতদের গুলিতে রবিউল (১৮) নামে আরও এক যুবকও আহত হয়। তাকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার আবদুল মান্নান শুক্রবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24