চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নার্গিসের কারণে চট্টগ্রাম বন্দরে দুই মাত্রার সতর্কতা (এলার্ট-২) জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বন্দরে স্বাভাবিক কাজকর্ম চালু থাকলেও সাগরে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর কর্তৃপক্ষ দুই মাত্রার সতর্কতা (এলার্ট-২) জারি করেছে। বহির্নোঙ্গরে অবস্থানরত সব জাহাজকে সতর্ক থেকে নোঙ্গর করার নির্দেশ দেয়া হয়েছে। ছোট ও হালকা জাহাজগুলো ইতোমধ্যে বন্দরের উজানে কর্ণফুলী নদীতে নোঙ্গর করা শুরু করেছে।"
তিনি জানান, সন্ধ্যা ৬টার পর চেয়ারম্যান কমোডোর এম ফারুকের সভাপতিত্বে বন্দর ভবনে ঘূর্ণিঝড়ের প্রস্ততি নিয়ে বৈঠক শুরু হয়েছে। এ সভা শেষ হলে ঘূর্ণিঝড় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা বসবে। এই উপদেষ্টা কমিটিতে বন্দরের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ, সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিসি, মৎস্য অধিদপ্তর ও কোস্টার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রয়েছেন।
এ কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে বন্দর সচিব জানান।
সন্ধ্যায় জেলা প্রশাসনও ঘুর্ণিঝড় পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভায় বসেছে।
জেলা প্রশাসক শামীম আশরাফ জানান, উপকূলীয় এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মেকাবিলায় চট্টগ্রাম বন্দরে দুটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে ২৫১০৮৩৯ ও ২৫১০৮৬৬ নম্বরে যোগাযোগের জন্য জন সাধারণকে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএ/১৯২৮ ঘ.
bdnews24