ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাবিশ্বের মতো বাংলাদেশেও আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে মহান মে দিবস। জরুরি অবস্থায় পুলিশি হস্তক্ষেপের কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। সরকার মিছিল কিংবা শোভাযাত্রা নিষিদ্ধের ঘোষণা দেওয়ায় কেবল আলোচনা অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ আছে মে দিবসের কর্মসূচি।
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আটঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্রের সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো শিকাগো শহর। অবশেষে প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।
১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে মে দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর মুক্তাঙ্গনে মে দিবস উদযাপন কমিটির শ্রমিক সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি পুলিশি বাধার কারণে হয়নি। পরে সকাল ১০টায় সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মে দিবস উদযাপন কমিটি এক সংবাদ সম্মেলনে পুলিশি বাধার নিন্দা জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উদযাপন কমিটির পক্ষে ডা. জাহাঙ্গীর হোসেন ও ফয়জুল হাকিম।
সকাল সাড়ে ৯টায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনের নারী শ্রমিকদের সমাবেশটি পুলিশি বাধার কারণে সংক্ষিপ্তকারে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন এক ঘোষণা পত্রে ট্রেড ইউনিয়নের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রত্যাহার দাবি জানান। তারা নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন, শ্রম আইন সংশোধনী অধ্যাদেশ'০৮ প্রত্যাহার, কারখানাভিত্তিক রেশনিংসহ ৬ দফা দাবি জানান। সাহিদা আখতারের সভাপতিত্বে সমাবেশে নরুন নাহার, ফারুক খান, কামরুন নাহার, আরিফা আখতার, সাফিয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আলাদা বাণী দিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "সারা বিশ্বে শ্রমজীবী মানুষের কাছে মে দিবস অধিকার ও ঐক্য প্রতিষ্ঠার দিন। শ্রমের মর্যাদা ও অধিকার আদায়ে এ দিবসটি মেহনতি মানুষের কাছে প্রেরণার উৎস।"
মে দিবসের তাৎপর্যকে সমুন্নত রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন এবং শিল্প-শ্রমিক ব্যবস্থাপনা সহায়ক পরিবেশ সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তার বাণীতে বলেন, "দেশের উন্নয়ন, উৎপাদন ও নিমার্ণে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। আমরা তাই শ্রমজীবীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছি।"
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল
bdnews24